জিবি নিউজ প্রতিনিধি//
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে চোরাই মালামাল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম (মুন্না)।
গ্রেফতারকৃতরা হলেন- শহরতলীর দক্ষিন উত্তরসুর এলাকার ননী মালাকারের ছেলে নিতাই মালাকার (২৮) এবং শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আদারকান্দি এলাকার ফজল শেখের ছেলে (বর্তমানে দক্ষিন উত্তসুরের বাসিন্দা) মো. মিলন শেখ (৩৮)।
তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল ভোর রাতে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের কারখানা থেকে বিভিন্ন মেশিনের লোহার মোল্ড চুরি হয়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সহকারী পুলিশ পরিদর্শক হারুন অর রশিদের নেতৃত্বে অভিযান চালিয়ে রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই যাওয়া মেশিনের মোল্ড উদ্ধার করা হয়, যার অনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন