বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল ||
শ্রীমঙ্গলে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা মোজাহিদ ইসলামের ওপর সশস্ত্র হামলা ও জোরপূর্বক অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় সচেতন মহলে। ঘটনার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভোগায় প্রশাসনের আশু হস্তক্ষেপ, আইনি সুরক্ষা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই জুলাই যোদ্ধা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিজের ওপর ঘটে যাওয়া নৃশংস ঘটনার বর্ণনা দেন মোজাহিদ ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৯টার দিকে তিনি শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ অ্যাপলো ডায়াগনস্টিক সেন্টার থেকে ব্যক্তিগত কাজ শেষে ফিরছিলেন। পথিমধ্যে শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের ৭ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি ফারদিন ইসলাম পিয়ালের নেতৃত্বে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের একদল দুর্বৃত্ত তার গতিপথ রোধ করে এবং অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় তার চিৎকারে আশপাশের সাধারণ মানুষ ও স্থানীয়রা দ্রুত এগিয়ে এলে পরিস্থিতি বেগতিক দেখে ছাত্রদল নেতা আহমেদ জাহিদ ও আল আমিন হোসেন মুন্না কৌশল বদলে পরিস্থিতি অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করে।
মোজাহিদ ইসলাম অভিযোগ করে আরও বলেন, “ঘটনার পর থেকে আমাকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে ছাত্রদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে জানিয়েছিলাম। তারা প্রত্যেকেই সুবিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে কোনো প্রতিকার পাইনি।”
দেশের জন্য রাজপথে লড়াই করা একজন জুলাই যোদ্ধার ওপর এমন বর্বর হামলা ও পরবর্তীতে সুবিচার না পাওয়ার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। জানমালের চূড়ান্ত সুরক্ষা এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি দেশের সুশীল সমাজসহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) আকুল দৃষ্টি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন