রুমানা আক্তার শ্রীমঙ্গল স্টাফ রিপোর্টার ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের এক সফল অভিযানে আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি কারখানার চুরি হওয়া প্রায় ৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের মূল্যবান লোহার ‘মোল্ড’ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল ভোররাতে শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন ইউনিয়নে অবস্থিত 'গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেড'-এর কারখানা থেকে বিভিন্ন মেশিনের মূল্যবান লোহার মোল্ড চুরি হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্তে নামে। তদন্তের অংশ হিসেবে কারখানার চারপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যালোচনার মাধ্যমে চোর চক্রের গতিবিধি শনাক্ত করা হয়। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ২৬ এপ্রিল দিন ও রাতভর শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন: ১. নিতাই মালাকার (২৮): পিতা- ননী মালাকার, সাং- দক্ষিণ উত্তরসুর, শ্রীমঙ্গল। ২. মোঃ মিলন শেখ (৩৮): পিতা- ফজল শেখ, জেলা- শরীয়তপুর (বর্তমানে দক্ষিণ উত্তরসুর এলাকায় বসবাসরত)।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে চুরি হওয়া মূল্যবান বিভিন্ন মেশিনের মোল্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লক্ষ ৪০ হাজার টাকা। শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এ ধরনের অপরাধ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন