মোঃ নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) প্রতিনিধি:
সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. সারওয়ার আলম কর্মজীবনে বিশেষ করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক পরিচিতি লাভ করেন। ভেজালবিরোধী অভিযান, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জনস্বার্থে পরিচালিত বিভিন্ন অভিযানের মাধ্যমে তিনি দেশব্যাপী প্রশংসা অর্জন করেন।
সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের দানবাক্সের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে তিনি আলোচনায় আসেন। এ বিষয়ে তার বিভিন্ন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তার প্রত্যাহারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে একজন সৎ, সাহসী ও জনবান্ধব প্রশাসক হিসেবে উল্লেখ করে তার কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। অন্যদিকে, কেউ কেউ তার বদলিকে প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ বলেও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ আগস্ট তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ প্রশাসনিক জীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালনের জন্য তিনি পরিচিতি লাভ করেছেন।
তবে তার প্রত্যাহারের কারণ সম্পর্কে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে বিষয়টি নিয়ে জনমনে নানা আলোচনা ও কৌতূহল বিরাজ করছে।এতে আমি মোঃ নাসির মনে করি আবারও মনে হচ্ছে, বাংলাদেশে অনেক সময় ভালো ও সৎ মানুষের যথাযথ মূল্যায়ন হয় না। তাদের অবদান ও নিষ্ঠার স্বীকৃতি প্রায়ই প্রত্যাশিত মাত্রায় আসে না, যা সত্যিই হতাশাজনক।
সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসনের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে মো. সারওয়ার আলম ভবিষ্যতেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে অবদান রাখবেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন