মুহাম্মদ শাহেদ রাহমান, যুক্তরাজ্য প্রতিনিধি //
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে।
বুধবার (২৭ মে) মহানগরের বিভিন্ন মসজিদ, খোলা মাঠ ও স্টেডিয়ামে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ সম্পন্ন হয়। থুব ও পাঞ্জাবি-টুপি পরিহিত হাজারো বাংলাদেশির স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ব্রিকলেন ও এর আশপাশের এলাকা যেন পরিণত হয়েছিল এক খণ্ড বাংলাদেশে।
ঈদের নামাজ আদায় করতে বৃহত্তম মস্ক–ইস্ট লন্ডন মসজিদে সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদে প্রতি এক ঘণ্টা পর পর পৃথক ৪টি জামাত অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৪০ হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
অন্যদিকে, ঐতিহাসিক ব্রিকলেন মসজিদে সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদেও পরবর্তীতে পৃথক পৃথক কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। লন্ডনের এই প্রধান জামাতগুলোতে শরিক হতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন শহর থেকে দলে দলে প্রবাসী বাংলাদেশিরা এসে যোগ দেন।
বিজ্ঞাপন
ইস্ট লন্ডন ও ব্রিকলেন মসজিদের এসব জামাতে যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি-বাংলাদেশি মুসলিম ছাড়াও অন্যান্য দেশের মুসলমানেরা অংশ নেন। এর মধ্যে সুদান, পাকিস্তান, ভারত, মরক্কো, আলজেরিয়াসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশের বিপুলসংখ্যক মুসলিম নাগরিক ছিলেন।
সেখানে জাতীয়তা ও বর্ণের সব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষ হওয়ার পর মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন