সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাহালা আনহু এমন একটি সত্য তুলে ধরেছেন, যা শুনলে প্রতিটি সচেতন মানুষের হৃদয় কেঁপে ওঠে। তিনি বলেন যে, মানুষের দুনিয়ার আশা অনেক দীর্ঘ হয়ে যায়, অর্থাৎ মানুষ ভাবে আমার অনেক সময় আছে, আমি পরে ভালো হয়ে যাবো। তখন আল্লাহ্ তাহালা তাকে চারটি ভয়ঙ্কর শাস্তিতে জড়িয়ে দেন। ◆প্রথম শাস্তি : ইবাদতে অলসতা। আমরা নামাজ পড়তে চাই কিন্তু মন চায় না। আমরা কোরআন খুলতে চাই কিন্তু অজুহাত এসে যায়। কারণ দুনিয়ার মোহ আমাদের হৃদয়কে এমনভাবে গ্রাস করেছে যে ইবাদত এখন আমাদের কাছে বোঝা মনে হয়। ◆দ্বিতীয় শাস্তি : দুনিয়ার চিন্তা বাড়তে থাকা। যতোই আমরা দুনিয়ার পিছনে ছুটি, ততোই আমাদের টেনশন, ভয়, দুশ্চিন্তা বেড়ে যায়। আমরা ভাবি আরো টাকা দরকার, আরো সফলতা দরকার কিন্তু কখনো শান্তি আসে না। ◆তৃতীয় শাস্তি : ধন সম্পদের প্রতি লোভ বেড়ে যায়। যা আছে তা আর ভালো লাগে না। সব সময় মনে হয় আরো চাই, আরো দরকার। এই লোভ আমাদেরকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে হালাল হারামের পার্থক্য থাকে না। ◆চতুর্থ শাস্তি : অন্তর পাষাণ হয়ে যায়। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। কাউকে কষ্ট দিতে আমাদের আর খারাপ লাগে না। গুনাহ করেও আমাদের চোখে পানি আসে না। কারণ আমাদের হৃদয় এখন আর জীবিত নেই। সেটা ধীরে ধীরে মৃত হয়ে গেছে। আমরা যদি বুঝতে পারি এই লক্ষণগুলো আমাদের মধ্যে জন্ম নিয়েছে তাহলে বুঝতে হবে এগুলো আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। এখনো সময় আছে, নিজেকে বদলানোর, দুনিয়ার মায়া কমানোর, আখেরাতের দিকে ফিরে আসার। কারণ এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন