‘কিং’-এর মুক্তি পেছাচ্ছে? জল্পনায় ইতি টানলেন শাহরুখ

চার বছরের বিরতির পর ‘পাঠান’ দিয়ে রুপালি পর্দায় ফিরেই ঝড় তুলেছিলেন শাহরুখ খান। এরপর ‘জওয়ান’ দিয়ে আগের সাফল্যকেও ছাড়িয়ে যান বলিউডের এই ‘বাদশা’।

এবার ভক্তদের অপেক্ষা তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্য। ছবিটি ঘিরে শুরু থেকেই উন্মাদনার পারদ তুঙ্গে। এমনকি এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রকল্প হতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে।

 

‘কিং’ নিয়ে সময়ের সঙ্গে সামনে এসেছে একের পর এক চমকপ্রদ তথ্য।

তবে এর মধ্যেই সিনেমাটির মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে সেই জল্পনায় নিজেই ইতি টানলেন শাহরুখ খান।

 

সম্প্রতি এক ভক্তের প্রশ্নের জবাবে শাহরুখ স্পষ্ট করে জানিয়েছেন, ‘কিং’ নির্ধারিত সময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বরই বড় পর্দায় আসছে সিনেমাটি।

ফলে মুক্তি পিছিয়ে যাওয়ার যে গুঞ্জন ছড়িয়েছিল, তা কার্যত উড়িয়ে দিয়েছেন অভিনেতা।

 

সম্প্রতি ‘আস্ক মি এনিথিং’ পর্বে এক ভক্ত শাহরুখের কাছে ‘কিং’ নিয়ে আপডেট জানতে চান। ভক্তের প্রশ্ন ছিল, ‘কিং নিয়ে কিছু আপডেট দিন। তিন বছর আগে সিনেমাহলে গিয়ে আপনার ছবি দেখেছি। ট্রেলারের জন্য আর কত অপেক্ষা করাবেন?’

জবাবে শাহরুখ লেখেন, ‘এবার তো পুরো ছবিটাই দেখুন।

আপনাদের অপেক্ষায় রাখছি না। ভালো একটা ছবি তৈরি করছি যাতে মনটা তৃপ্ত হয়। সব কিছুই আসবে ২৪ ডিসেম্বরের আগেই।’

 

শাহরুখের এই বক্তব্যে স্পষ্ট, নির্ধারিত ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসবে ‘কিং’। শুধু মুক্তির তারিখই নয়, ছবির কাজ নিয়েও ভক্তদের আশ্বস্ত করেছেন অভিনেতা।

শুটিংয়ের সময় একাধিকবার চোট পাওয়ার বিষয়েও কথা বলেন শাহরুখ। এক ভক্ত এ নিয়ে প্রশ্ন করলে অভিনেতা জানান, ‘শুটিংয়ের সময় বেশ কয়েকবার চোট পাওয়ায় বারবার কাজ থামাতে হয়েছিল। তবে এখন সব চোট সেরে গেছে। সিনেমার প্রায় পুরো কাজই শেষ। আপাতত সব কিছু পরিকল্পনামাফিক ঠিকঠাক চলছে।’

ছবিতে কী ধরনের চমক থাকছে—এমন প্রশ্নেরও জবাব দিয়েছেন শাহরুখ। তাঁর দাবি, দর্শকদের বিনোদনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন তাঁরা। কঠোর পরিশ্রম করে তৈরি করা হয়েছে সিনেমাটি। অ্যাকশন থেকে গান, এমনকি তাঁর চুলের সাজেও থাকছে নতুনত্ব।

‘ডাঙ্কি’র পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ দিয়েই বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ, প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন তিনি। এ ছাড়া অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের জুটির বিশেষ উপস্থিতি নিয়েও চলছে জোর আলোচনা।

সব মিলিয়ে শাহরুখের ঘোষণা অনুযায়ী, আর মুক্তি পিছিয়ে যাওয়ার জল্পনা নয়—আগামী ২৪ ডিসেম্বরই প্রেক্ষাগৃহে আসছে বহু প্রতীক্ষিত ‘কিং’।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন