পোশাক শ্রমিকদের কাজে ফেরার আহ্বান, মজুরি নিয়ে গুজব বন্ধের তাগিদ

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলন অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার। এখনো যেসব কারখানায় অসন্তোষ চলছে, সেখানকার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি আন্দোলনে উসকানি বন্ধের তাগিদ দিয়েছেন।

 

বাবুল আখতার বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে নতুন করে মজুরি নির্ধারণের গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচারের কারণে কিছু কারখানায় এখনো আন্দোলন চলছে। শ্রমিকদের কাছে ঘোষিত মজুরি কাঠামোর সঠিক তথ্য পৌঁছে দেওয়া প্রয়োজন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 

বাবুল আখতার বলেন, ‘আশুলিয়া এলাকায় আন্দোলন অনেকটাই কমে এসেছে। তবে যেসব কারখানায় এখনো অসন্তোষ চলছে, সেখানে রাজনৈতিক বিবেচনা ও বাইরে থেকে উসকানির বিষয়টিও রয়েছে।’

তিনি বলেন, অনেক কারখানায় মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক নেই। শ্রমিকদের কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছানো হচ্ছে না।

ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যাও অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে মালিকপক্ষকে উদ্যোগ নিতে হবে।

 

প্রতিটি গ্রেডে অন্তত ২ হাজার টাকা বৃদ্ধি

নতুন মজুরি কাঠামোয় শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে ব্যাখ্যা দেন বাবুল আখতার। তাঁর দাবি, প্রতিটি গ্রেডেই অন্তত ২ হাজার টাকা বেতন বৃদ্ধির বিষয়টি রাখা হয়েছে। কোনো কোনো শ্রমিকের বেতন পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে।

 

তিনি বলেন, পুরোনো শ্রমিকদের ইনক্রিমেন্টসহ বেতন সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। তবে অনেক শ্রমিক এখনো মজুরি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে সঠিকভাবে জানেন না। ফলে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


 

মজুরি নির্ধারণের প্রক্রিয়া তুলে ধরে বাবুল আখতার বলেন, শ্রমিকপক্ষ প্রথমে ২২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছিল। কয়েক দফা দরকষাকষির পর শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার অবস্থানে ছিল। অন্যদিকে মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করে।

শেষ পর্যন্ত মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটাভুটি হয়। এতে চারজন ১৭ হাজার টাকা এবং দুইজন ১৮ হাজার টাকার পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সহকারী ও হেলপারের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। বোর্ডের সিদ্ধান্ত হিসেবে শ্রমিকপক্ষও তা মেনে নিয়েছে বলে জানান তিনি।

প্রতিবছর মজুরি পর্যালোচনার প্রস্তাব

বাবুল আখতার বলেন, আগে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ করা হলেও এবার তিন বছর পর নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিবছর মজুরি পর্যালোচনা ও নির্ধারণের জন্য বিকল্প ব্যবস্থা চালু করা যায় কি না, তা বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, পুরোনো শ্রমিকদের মধ্যে গ্রেড বৈষম্যের কারণে অসন্তোষ ও মনোমালিন্য তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি দেশের ৩০০টির বেশি গ্রিন ফ্যাক্টরি ও বড় কারখানার জন্য আলাদা মজুরি কাঠামো নির্ধারণের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।


 

মজুরি বোর্ডের সিদ্ধান্ত নিয়ে কিছু শ্রমিক সংগঠন নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ ও দূতাবাস থেকে সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে বলে দাবি করেন তিনি। খসড়া গেজেট প্রকাশের পর সংশ্লিষ্ট সবার সুপারিশ নেওয়ার সুযোগ থাকবে। প্রয়োজনে পরবর্তী বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করা যাবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্টরা।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন