বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- জাতীয় পর্যায়ে দেশসেরা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা হিসাবে সম্মাননা পেয়েছেন, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা লিটন মিয়া। ‘ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রাম’ এর আওতায় এ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সূত্রে জানাযায়, দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশ থেকে ১৮ জন উদ্যোক্তাকে নিয়ে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এতে বিভাগীয় পর্যায়ের কর্মসূচি, প্রশিক্ষণ, অনলাইন সাক্ষাৎকার, সেবাগ্রহীতাদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপে তাঁদের দক্ষতা যাচাই করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি, ব্যাংক এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। এতে, অনুষ্ঠানে নির্বাচিত ১৮ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। এ সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে উদ্যোক্তা লিটন মিয়া বলেন, জাতীয় পর্যায়ে একবার দেশসেরা ইউনিয়ন ডিজিটাল তথ্য উদ্যোক্তা নির্বাচিত এর আগেও আমি হয়েছি। এই স্বীকৃতি আমাকে তৃণমূল মানুষের কাছে আরও দ্রুত ও মানসম্মত ডিজিটাল সেবা পৌঁছে দিতে অনুপ্রাণিত করবে। আমার এ অর্জনের পেছনে শুরু থেকে যাঁরা সহযোগিতা ও উৎসাহ উদ্দীপনা দিয়েছেন, তাঁদের প্রতি আমি চির কৃতজ্ঞ।
সংশ্লিষ্টরা মনেনকরছেন, স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেবা সম্প্রসারণ ও মানোন্নয়নে এ অর্জন নবীগঞ্জের জন্য গৌরবের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন