অনিরুদ্ধ-কাব্যর বিয়ের সংবর্ধনায় তারার হাট, হাজির রজনীকান্ত-কমল-বিজয়

ভারতের সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাব্য মারানের বিয়ের সংবর্ধনা ঘিরে বসেছিল তারকাদের মিলনমেলা। চলচ্চিত্র, ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনের বহু পরিচিত ব্যক্তির উপস্থিতিতে জমকালো হয়ে ওঠে আয়োজন।

অতিথিদের তালিকায় ছিলেন রজনীকান্ত, কমল হাসান, মহেশ বাবু, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় এবং নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনসহ অনেকে।

 

গতকাল ২১ নভেম্বর ভারতের চেন্নাইয়ের আইটিসি গ্র্যান্ড চোলা হোটেলে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা। এর আগে ১১ নভেম্বর গ্রিসে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অনিরুদ্ধ ও কাব্য। ব্যক্তিগত পরিসরে বিয়ের আয়োজন করলেও সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়েছিল চলচ্চিত্র, রাজনীতি, ব্যবসা ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের।

 

অনুষ্ঠানে অভিনেতা রজনীকান্ত হাজির হন কালো স্যুটে। অন্যদিকে কমল হাসানের পরনে ছিল পিচ রঙের সিল্কের শার্ট ও ঐতিহ্যবাহী ধুতি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ও উপস্থিত ছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। তার পরনে ছিল নেভি ব্লু রঙের বিশেষ নকশার জ্যাকেট ও কালো ট্রাউজার।

 

সংবর্ধনায় যোগ দিতে চেন্নাইয়ে পৌঁছান তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু। পরিবারের সদস্যদের সঙ্গে বিমানবন্দরে দেখা যায় তাকে। ক্রিকেট অঙ্গন থেকেও ছিল উল্লেখযোগ্য উপস্থিতি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন, ড্যানিয়েল ভেট্টোরি এবং দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেল স্টেইন অনুষ্ঠানে যোগ দেন। পরিবারের সদস্যদের সঙ্গে এসেছিলেন ডেল স্টেইন।

 

অনিরুদ্ধ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আগের আয়োজনের কিছু ছবিও প্রকাশ করেছিলেন। সেসব ছবিতে রজনীকান্ত ও তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনসহ পরিবারের সদস্যদের দেখা যায়। ছবিগুলোর সঙ্গে দেওয়া বার্তায় অনিরুদ্ধ লেখেন, তাদের হৃদয় ভালোবাসায় পূর্ণ। সবার ভালোবাসা ও আশীর্বাদ তাঁদের কাছে অনেক মূল্যবান। নতুন জীবনের শুরুটিকে বিশেষ করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে কাব্যর বাবা সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান এবং মা কাভেরী মারান বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে সংবর্ধনার আমন্ত্রণ জানিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও তারা সাক্ষাৎ করে আমন্ত্রণ পৌঁছে দেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর কাছেও আমন্ত্রণ পৌঁছে দেওয়া হয়েছিল।

কালানিধি মারানের মেয়ে কাব্য মারান বর্তমানে আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে অনিরুদ্ধ রবিচন্দর ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় সংগীত পরিচালকদের একজন। তামিল, তেলুগুসহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রে কাজ করে পরিচিতি পেয়েছেন তিনি। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন এই সংগীত পরিচালক।

চলচ্চিত্র ও ক্রিকেট অঙ্গনের তারকাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনিরুদ্ধ-কাব্যর বিয়ের সংবর্ধনা হয়ে ওঠে দক্ষিণ ভারতের আলোচিত তারকাসমাবেশ।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন