মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক বকশী ইকবাল আহমদের সম্মানে
বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত ২৯ আগস্ট ২০২৬ শনিবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ কমিউনিটি সেন্টারে বিকেল সাড়ে ৬টায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি সলিসিটর এম ইয়াওর উদ্দিনের সঞ্চালনায় সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলভী মোহাম্মদ আব্দুল করিম। অনুষ্ঠানে বকশী ইকবাল আহমদের সম্মানে মানপত্র পাঠ করেন বিশিষ্ট লেখক সলিসিটর এম ইয়াওর উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন অধ্যাপক এ কে শহীদুর রহমান, লেখক ও গবেষক ড. এম এ আজিজ, ব্যারিস্টার আব্দুল আউয়াল তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি সংগঠক আব্দুল হাই , ওসমানী বিমান বন্দর ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব এম এ রব, কমিউনিটি নেতা শেখ ফারুক আহমদ, সংগঠনের সহ-সভাপতি বদরুজ্জামান বাবুল, সাংবাদিক খালেদ মাসুদ রনি ,হাজী ফারুক মিয়া ও বিশিষ্ট সমাজসেবী হীরু কোরেশী ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি একটিভিষ্ট মশাহিদ মিয়া ,পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের পরিচালক আব্দুল আউয়াল ,হাজী মতছিন আলী ,আহমেদুল কাবির, অনলাইন একটিভিষ্ট আক্তার মিয়া, ইয়াকুব শরীফ, আব্দুল আউয়ালসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, দ্বৈত নাগরিকত্বধারী প্রবাসীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সরকারের কাছে করা সুপারিশ গণতান্ত্রিক চেতনার পরিপন্থী ও প্রবাসী বাংলাদেশীদের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র ।তারা এ সুপারিশ বাতিল করে প্রবাসীদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা ও স্থানীয় সরকার নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের অধিকারী সকল বাংলাদেশীদের অংশ গ্রহণের সুযোগ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করারও দাবি জানানো হয়। বক্তারা বলেন, সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসীর সুবিধার্থে বিমানবন্দরে কাতার এয়ারওয়েজ, এমিরেটস, সৌদিয়া ও কুয়েত এয়ারওয়েজসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এ বিষয়ে বর্তমান সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।
সভায় বকশী ইকবাল আহমদের সাংবাদিকতা, গণমাধ্যমে অবদান এবং প্রবাসীদের সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রশংসা করা হয়। বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সভা শেষে এক প্রীতি ভোজের আয়োজন করা হয় ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন