মো. নাসির নিউ জার্সি প্রতিনিধি ||
৩০ আগস্ট ২০২৬: হরমুজ প্রণালির কাছে ইরানের দুটি রকেট লঞ্চার লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে। কয়েক সপ্তাহের বিরতির পর এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক অভিযান হিসেবে উল্লেখ করা হচ্ছে।
মার্কিন এক কর্মকর্তার বরাতে জানা গেছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) সদস্যরা ওই রকেট ব্যবস্থা ব্যবহার করে গুরুত্বপূর্ণ নৌপথে সমুদ্র মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল। সম্ভাব্য হুমকি ঠেকাতে যুক্তরাষ্ট্র আগাম হামলা চালায় বলে মার্কিন কর্মকর্তা জানান।
ইরানের লারাক দ্বীপের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সিও জানিয়েছে। তবে বিস্ফোরণের সঠিক কারণ ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। এই নৌপথে উত্তেজনা বা জাহাজ চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক তেল সরবরাহ, জ্বালানির দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন