বৃটেনে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উৎসবমুখর পরিবেশে জার্সি উন্মোচন

সালেহ আহমদ (স'লিপক):

 

আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বৃটেনের নিউপোর্টে প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় ক্রীড়া সংগঠন নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের নতুন জার্সি উন্মোচন করা হয়েছে।

 

সোমবার (১১ মে) নিউপোর্টের সুপরিচিত বেঙ্গল সাইমরু রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কবির আহমেদ।

 

এসময় ক্লাবের সহ-সভাপতি শাহ মহসিন আলী মিন্টু, সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী, যুগ্ম নিরাপত্তা সম্পাদক আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক এ কে শিফার এবং ক্লাবের কোচ জালাল আহমেদসহ ক্লাবের কর্মকর্তাবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, খেলোয়াড়বৃন্দ, শুভানুধ্যায়ী ও স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি সমাজসেবক হারুনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। তিনি নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাবের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতে ক্লাবের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

বিশেষ অতিথি কবির আহমেদ বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাব যেভাবে খেলাধুলার মাধ্যমে কমিউনিটিকে একত্রিত করছে, তা সত্যিই অনুকরণীয়।

 

ক্লাবের সহ-সভাপতি শাহ মহসিন আলী মিন্টু বলেন, এই জার্সি দলের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মাঠে আরও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে অনুপ্রাণিত করবে। সাধারণ সম্পাদক শাইকাত চৌধুরী বলেন, ক্লাবটি শুধু খেলাধুলায় সীমাবদ্ধ নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

যুগ্ম নিরাপত্তা সম্পাদক আমিনুর রহমান এবং যুগ্ম সম্পাদক এ কে শিফার তাদের বক্তব্যে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, আগামীতে বিভিন্ন প্রতিযোগিতা, প্রশিক্ষণ কার্যক্রম এবং কমিউনিটি-ভিত্তিক ক্রীড়া আয়োজন আরও বিস্তৃত করা হবে। কোচ জালাল আহমেদ বলেন, খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও শৃঙ্খলার মাধ্যমে দলকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে এবং নতুন জার্সি তাদের মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে।

 

সভাপতির বক্তব্যে পারভেজ খান বলেন, নতুন জার্সি আমাদের দলের পরিচয়, ঐক্য ও গৌরবের প্রতীক। এই জার্সি শুধু একটি পোশাক নয়, এটি আমাদের স্বপ্ন, পরিশ্রম এবং আগামী দিনের সাফল্যের প্রতিচ্ছবি। তিনি ক্লাবের কর্মকর্তা, উপদেষ্টা, খেলোয়াড় এবং সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানান।

 

আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে নতুন জার্সি উন্মোচন করা হয়। অতিথিরা জার্সির নকশা, রঙের সমন্বয় এবং ক্লাবের প্রতীকী উপস্থাপনাকে অত্যন্ত আকর্ষণীয় বলে অভিহিত করেন। জার্সি উন্মোচনের পর খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয় এবং সবাই দলটির আগামী দিনের সাফল্য কামনা করেন। নতুন জার্সি উন্মোচনের মধ্যদিয়ে ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে। এই জার্সি পরিধান করে নিউপোর্ট রয়্যালস স্পোর্টস ক্লাব যুক্তরাজ্যের বিভিন্ন টুর্নামেন্টে কৃতিত্বের নতুন ইতিহাস রচনা করবে বলে সংশ্লিষ্ট সবাই আশা প্রকাশ করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন