পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
খুলনা - ৬ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ফলাফলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুই উপজেলার ১৫৫ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ ভোটাররা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন। ছোটখাটো দুই একটি বিচ্ছিন্ন ঘটন ছাড়া সবকটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করেন সংশ্লিষ্টরা। নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ধানের শীষ প্রতীকের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী কে পরাজিত করে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বেসরকারি ভাবে খুলনা -৬ ( কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।
এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্যান্য প্রার্থীদের রয়েছেন জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামি আন্দোলনের আসাদুল্লাহ আল গালিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মন্ডল। এদিকে গণভোটে বিপুল ভোটের ব্যবধানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে জানা গেছে। এ বিজয় জনগণের উল্লেখ করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকলকে সাথে নিয়ে অবহেলিত পাইকগাছা কয়রার উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে আলহাজ্ব আবুল কালাম আজাদ দলীয় নেতাকর্মী সহ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের সহযোগিতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন