সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম ||
শীতের আগমনী বার্তা, লন্ডনে ধীরে ধীরে ছোট হয়ে আসছে দিনের আলো। আগামী সোমবার ২১শে সেপ্টেম্বর ২০২৬, চলতি বছরের জন্য শেষবারের মতো লন্ডনের আকাশে সূর্য ডুববে সন্ধ্যা ৭টার পর। এরপর থেকেই দিনের আলো আরো দ্রুত কমতে শুরু করবে।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার লন্ডনে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে সুর্যাস্ত নেমে আসবে ৭টার আগেই। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে শরৎকালীন বিষুবের সময়। যখন দিন- রাত প্রায় সমান দৈর্ঘ্যের কাছাকাছি পৌঁছবে।
লন্ডনের বাসিন্দাদের জন্য এটি ঋতু পরিবর্তনের একটি স্পষ্ট প্রাকৃতিক সংকেত। সেপ্টেম্বরের শেষভাগে এসে বিকেলের আলো দ্রুত ফুরিয়ে যাচ্ছে। সন্ধ্যা নামবে আগের তুলনায় কিছুটা আগে। সামনে অক্টোবর, নভেম্বর পেরিয়ে আরো ছোট দিন ও দীর্ঘ রাত।
দিনের আলো কমে আসার এই পরিবর্তন শুধু ঘড়ির কাঁটায় নয়, লন্ডনের দৈনন্দিন জীবনেও ধীরে ধীরে তার ছাপ ফেলবে। অফিস ফেরত মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী কিংবা সন্ধ্যার হাঁটাহাঁটিতে বের হওয়া মানুষ - সবার কাছেই বিকেল দ্রুত সন্ধ্যায় পরিণত হওয়ার বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠবে।
প্রকৃতির নিয়মে এখন গ্রীষ্মের দীর্ঘ দিন বিদায়ের পথে। শীতের আগমনের আগে একটি নীরব বার্তা। দীর্ঘ আলোর দিন শেষ, এবার শুরু হবে দীর্ঘ রাতের ঋতু।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন