টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান বহুল আলোচিত গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে শ্রীলঙ্কা। সহ-আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি না হলে বড় ধরনের আর্থিক ও বাণিজ্যিক ক্ষতির মুখে পড়তে হবে আয়োজকদের।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান সরকার জানিয়েছে, তাদের জাতীয় দল পুরো টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে না।
এই সিদ্ধান্তকে ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসির মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে।
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পাঠানো এক চিঠিতে জানায়, তারা সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছে যে পাকিস্তান দল শ্রীলঙ্কায় আয়োজিত ম্যাচগুলো খেললেও ভারত-পাকিস্তান ম্যাচে অংশ নেবে না।
চিঠিতে বলা হয়, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ নিয়ে শ্রীলঙ্কা অত্যন্ত আশাবাদী, বিশেষ করে আয়োজক দেশ হিসেবে। পাকিস্তান সংশ্লিষ্ট সব ম্যাচের জন্য বাণিজ্যিক, পরিচালন, লজিস্টিক ও নিরাপত্তা সংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এর মধ্যে আতিথেয়তা পরিকল্পনা ও টিকিট বিক্রিও অন্তর্ভুক্ত।’
চিঠিতে শ্রীলঙ্কা পাকিস্তানের সঙ্গে তাদের অতীতের কঠিন সময়ের সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেয়। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর ভয়াবহ হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট দীর্ঘদিন পাকিস্তানে বন্ধ ছিল। সেই সময় শ্রীলঙ্কাই প্রথম বড় দল হিসেবে পাকিস্তান সফর করে।
এছাড়া ২০২৫ সালে ইসলামাবাদে আত্মঘাতী হামলার ঘটনার পরও, কিছু খেলোয়াড় দেশে ফিরতে চাইলেও শ্রীলঙ্কা ক্রিকেট সফর সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এসএলসি জানায়, ‘গুরুতর নিরাপত্তা ঝুঁকি, খেলোয়াড়দের শারীরিক ও মানসিক ক্ষতির আশঙ্কা থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা ক্রিকেট সবসময় পাকিস্তান ও পিসিবির পাশে থেকেছে। যখন অনেক দেশ পাকিস্তান সফরে অনিচ্ছুক ছিল, তখনো শ্রীলঙ্কা আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে ও পারস্পরিক সংহতির অংশ হিসেবে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।’
শ্রীলঙ্কা ক্রিকেট আশা প্রকাশ করেছে, ক্রিকেটীয় বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং খেলাটির বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের অবস্থান পুনর্বিবেচনা করবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি খেলবে।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন