আরও হাজারো টাওয়ার হ্যামলেটস পরিবারের জন্য চালু হলো খাদ্য বর্জ্য পুনর্ব্যবহার সেবা

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তাদের সম্প্রসারিত খাদ্য বর্জ্য পুনর্ব্যবহার সেবার প্রথম সপ্তাহের সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেছে। এর মাধ্যমে বরোর বিভিন্ন ফ্ল্যাটে বসবাসকারী আরও হাজারো পরিবার এখন খাদ্য বর্জ্য আলাদাভাবে পুনর্ব্যবহারের সুযোগ পাচ্ছে।

প্রথম ধাপে সেবাটি কাউন্সিল-পরিচালিত এস্টেটগুলোতে চালু করা হয়েছে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বরোর অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা হবে। এ পর্যন্ত কাউন্সিলের নিজস্ব আবাসন সম্পদের ৩১.৫ শতাংশ এই সেবার আওতায় এসেছে এবং অতিরিক্ত ৫,৯৩৪টি পরিবার খাদ্য বর্জ্য পুনর্ব্যবহারের সুবিধা পেয়েছে।

সাম্প্রতিক পর্যায়ে ২৮৩টি কমিউনাল খাদ্য বর্জ্য সংগ্রহের বিন স্থাপন করা হয়েছে, যার মধ্যে রয়েছে ২১৯টি ২৪০-লিটার এবং ৬৪টি ১৪০-লিটার বিন। এর ফলে আরও বেশি বাসিন্দা তাদের খাদ্য বর্জ্য সাধারণ আবর্জনা থেকে আলাদা করে পুনর্ব্যবহারের জন্য জমা দিতে পারছেন।

প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে টাওয়ার হ্যামলেটসের সব বাসিন্দা সাধারণ আবর্জনা ও মিশ্র শুষ্ক পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য থেকে আলাদা করে খাদ্য বর্জ্য পুনর্ব্যবহারের সুযোগ পাবেন। বর্তমানে বরোতে ফেলে দেওয়া মোট আবর্জনার প্রায় ৩০ শতাংশই খাদ্য বর্জ্য। তাই খাদ্য বর্জ্য পৃথকভাবে সংগ্রহ ও পুনর্ব্যবহার করা রিসাইক্লিং হার বাড়ানো এবং বর্জ্য নিষ্পত্তির পরিমাণ কমানোর একটি গুরুত্বপূর্ণ উপায়।

প্রথম সংগ্রহ কার্যক্রম শুরু হয় ১২ অক্টোবর। বাসিন্দারা কাউন্সিলের সরবরাহ করা নতুন রান্নাঘরের ক্যাডি এবং কমিউনাল খাদ্য বর্জ্য বিন ব্যবহার করে খাবারের উচ্ছিষ্ট, ফল ও সবজির খোসা, হাড়, টি-ব্যাগ, কফির অবশিষ্টাংশ এবং অন্যান্য খাদ্য বর্জ্য পুনর্ব্যবহারের জন্য জমা দিয়েছেন।

নতুন সেবার আওতায় আসা পরিবারগুলো একটি স্টার্টার প্যাক পাচ্ছেন, যাতে একটি রান্নাঘরের ক্যাডি, কম্পোস্টযোগ্য লাইনারের একটি রোল এবং সেবাটি কীভাবে ব্যবহার করতে হবে সে সংক্রান্ত তথ্য রয়েছে। এস্টেটগুলোর বর্জ্য সংরক্ষণ এলাকার কাছাকাছি বড় কমিউনাল খাদ্য বর্জ্য বিনও স্থাপন করা হয়েছে। রান্নাঘরের ক্যাডি পূর্ণ হয়ে গেলে বাসিন্দারা কম্পোস্টযোগ্য লাইনারসহ সেটি সরাসরি কমিউনাল বিনে ফেলতে পারবেন। এসব বিন প্রতি সপ্তাহে খালি করা হবে।

সংগৃহীত খাদ্য বর্জ্য রিফুড নামের একটি বিশেষায়িত পুনর্ব্যবহার কেন্দ্রে পাঠানো হয়, যেখানে তা প্রক্রিয়াজাত করে নবায়নযোগ্য জ্বালানি হিসেবে ব্যবহৃত বায়োগ্যাস এবং কৃষিকাজের জন্য সার ও কম্পোস্ট তৈরি করা হয়।

ক্যাবিনেট মেম্বার ফর এ ক্লিন এন্ড গ্রিন বরো, কাউন্সিলর শাফি আহমেদ বলেন, “এই প্রথম সংগ্রহ কার্যক্রম টাওয়ার হ্যামলেটসে রিসাইক্লিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি এমন একটি সেবার সূচনা, যা শেষ পর্যন্ত বরোর সব পরিবারকে খাদ্য বর্জ্য পুনর্ব্যবহারের সুযোগ দেবে। বর্তমানে আমরা যে আবর্জনা ফেলে দিই তার প্রায় এক-তৃতীয়াংশই খাদ্য বর্জ্য, তাই এগুলো সাধারণ আবর্জনা থেকে আলাদা করা সত্যিকারের পরিবর্তন আনতে পারে। আমরা বাসিন্দাদের অনুরোধ করছি, তাদের এলাকায় সেবাটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে নতুন খাদ্য বর্জ্য ক্যাডি ও কমিউনাল বিন ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে।”

খাদ্য বর্জ্য পুনর্ব্যবহার গুরুত্বপূর্ণ হলেও কাউন্সিল বাসিন্দাদের খাদ্য অপচয় কমানোরও আহ্বান জানাচ্ছে। খাবারের পরিকল্পনা করে কেনাকাটা করা, সঠিকভাবে খাবার সংরক্ষণ করা এবং অবশিষ্ট খাবার ব্যবহার করা পরিবারগুলোকে অর্থ সাশ্রয়ের পাশাপাশি বর্জ্য কমাতেও সহায়তা করতে পারে।

বাসিন্দাদের মনে রাখতে হবে যে খাদ্য বর্জ্য ক্যাডি এবং কমিউনাল খাদ্য বর্জ্য বিনে শুধুমাত্র খাদ্য বর্জ্য ফেলা যাবে। প্যাকেটজাত মোড়ক, তরল পদার্থ, রান্নার তেল এবং প্লাস্টিকের ব্যাগ এসব বিনে ফেলা যাবে না।

রিসাইক্লিং আরও সহজ করা এবং পুনর্ব্যবহারের হার বাড়ানোর লক্ষ্যে কাউন্সিলের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বাসিন্দারা তাদের এলাকায় সংগ্রহ সেবা শুরু হলে স্টার্টার প্যাক পাবেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন