ভারতে ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হওয়ার পর এবার বলিউড অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। তার পাশাপাশি ওই বিক্ষোভে অংশ নেওয়া অন্যদেরও মামলার আসামি করা হয়েছে।
দক্ষিণ মুম্বাইয়ের গামদেবী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, বিক্ষোভ চলাকালে মুম্বাই থেকে চার শতাধিক মানুষকে আটক করা হয়। তবে আটকের প্রায় এক ঘণ্টা পর ইমরান খানসহ অন্যদের ছেড়ে দেয় পুলিশ।
মুম্বাই পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২২৩ (আদেশ অমান্য করা), ১২৬(২) (অন্যায়ভাবে বাধা দেওয়া), ১৮৯(২) (বেআইনি সমাবেশ), ১৮৯(৩) ও ১৮৯(৫) ধারায় মামলাটি করা হয়েছে।
পুলিশ নিজেই বাদী হয়ে এ মামলা করেছে।
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বন্ধ করতে হবে।
এই কর্মসূচিতেই অংশ নেন ইমরান খান।
তার সঙ্গে ছিলেন ভাগ্নি জায়ান মেরি খান ও প্রেমিকা লেখা ওয়াশিংটন। বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তাদেরও আটক করা হয়েছিল। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। এবার সেই ঘটনার জেরে ইমরান খানসহ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করল পুলিশ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন