পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো ১২ জন নিখোঁজ রয়েছেন।
আহত হয়েছেন ১৪ জন।
শুক্রবার উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। খবরে বলা হয়েছে, করাচির অ্যাডমিন সোসাইটি এলাকায় বেলুচ কলোনির কাছে ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।
উদ্ধারকারী দল জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে ধ্বংসাবশেষ সরানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ, ভারী যন্ত্রপাতি ব্যবহারে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের মরদেহ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভবনের অবশিষ্ট কাঠামো আরো ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
পাকিস্তানের জরুরি ও মানবিক উদ্ধার পরিষেবা রেসকিউ ১১২২ বলছে, উদ্ধার অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে ফাঁকা জায়গা তৈরি করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
সংস্থাটির কর্মকর্তারা জানান, আহত ১৪ জনের মধ্যে ১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ভবনধসের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। এতে হত্যা, অবহেলা ও অসতর্কতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।
তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন