শায়খ মুস্তাফা আবদুল্লাহ ||
"সন্তান প্রতিপালনের সবচেয়ে বড় ভিত্তি হলো তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা, ভয় ও শ্রদ্ধাবোধ সৃষ্টি করা । আর এই দায়িত্ব সবার আগে বাবা-মায়ের" । কথাগুলো বলেছেন, বিশিষ্ট ইসলামি আলোচক শায়খ মুস্তাফা আবদুল্লাহ । তিনি ৩ জুলাই শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে জুমার খুতবা উপস্থাপনকালে কথাগুলো বলেন।
তিনি বলেন, বর্তমান সময়ে শিশু-কিশোরদের সামনে যেমন ভালো বিষয় রয়েছে, তেমনি বিভ্রান্তি ও অপসংস্কৃতিও সহজলভ্য হয়ে উঠেছে । বিশেষ করে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার কারণে তারা প্রতিনিয়ত নানা ধরনের চিন্তা ও প্রভাবের মুখোমুখি হচ্ছে । তাই সন্তানদের শুধু স্কুল বা মাদ্রাসার ওপর ছেড়ে দিলে চলবে না; তাদের ঈমান ও চরিত্র গঠনে পরিবারকেই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।
তিনি মহানবী (সাঃ) এর সেই বিখ্যাত হাদিস স্মরণ করিয়ে দেন, "তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। " তাঁর মতে, একজন বাবার নেতৃত্ব শুরু হয় নিজের ঘর থেকেই । সন্তানদের জন্য শুধু অর্থ উপার্জন নয়, তাদের সঙ্গে সময় কাটানো, সম্পর্ক গড়ে তোলা এবং সঠিক দিকনির্দেশনা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।
শায়খ মুস্তাফা বলেন, সন্তানকে শুধু উপদেশ দিলেই হবে না; আগে নিজের জীবনে সেই আদর্শের প্রতিফলন ঘটাতে হবে। বাবা-মা যদি নিজেরা নামাজ, কোরআন তিলাওয়াত ও ইসলামী মূল্যবোধের চর্চা করেন, তাহলে সন্তানদের ওপর তার ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি কুরআনে বর্ণিত হযরত লুকমান (আ.)-এর শিক্ষা তুলে ধরে বলেন, দৃষ্টি সংযত রাখা, জিহ্বা নিয়ন্ত্রণ করা, আমানত রক্ষা করা, অতিথিকে সম্মান করা এবং প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ—এসব মৌলিক ইসলামী মূল্যবোধই একটি সুন্দর সমাজ গঠনের ভিত্তি ।
বক্তব্যের শেষ দিকে তিনি একটি বাস্তব ঘটনার উল্লেখ করেন। এক বাবা অভিযোগ করেছিলেন, তাঁর ছেলে কোরআন পড়তে বসতে চায় না। পরে জানা যায়, ব্যবসার ব্যস্ততায় বাবা টানা ১৬ বছর সন্তানদের সময়ই দিতে পারেননি। ছেলের প্রশ্ন ছিল, “যিনি ১৬ বছর আমার পাশে ছিলেন না, তাঁর কথা এখন কেন শুনব?”
এই ঘটনা উল্লেখ করে শায়খ মুস্তাফা বলেন, সম্পর্ক গড়ে ওঠে সময়, ভালোবাসা ও উপস্থিতির মাধ্যমে; শুধু উপদেশ দিয়ে নয় । তিনি বাবা-মায়েদের প্রতি আহ্বান জানান, সন্তানের জন্য আদর্শ হয়ে উঠুন । কারণ নেক সন্তানই হলো একজন মানুষের মৃত্যুর পরও চলমান সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থাৎ সাদাকায়ে জারিয়াহ।
শায়খ মুস্তাফা আবদুল্লাহ : অতিথি খতিব, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টার । জুমার খুতবা, ৩ জুলাই ২০২৬।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন