ফুটবল মাঠে অসংখ্য রেকর্ড ও শিরোপা জয়ের পর এবার আরেকটি ঐতিহাসিক সম্মান অর্জন করলেন লিওনেল মেসি। স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা।
প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন প্রতি বছর ক্রীড়া, সাহিত্য, শিল্প, বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়ে থাকে। এবার প্রথমবারের মতো কোনো ফুটবলারকে এই পুরস্কার দেওয়া হলো।
পুরস্কার ঘোষণার সময় জুরি বোর্ড জানায়, মেসি শুধু তার অসাধারণ ফুটবল প্রতিভার জন্যই নন, বরং দীর্ঘ ও সফল ক্রীড়া ক্যারিয়ার এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অব্যাহত মানবিক অবদানের জন্যও এই সম্মানে ভূষিত হয়েছেন।
জুরিদের মতে, ‘ফুটবল ইতিহাসের সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় হিসেবে মেসি মাঠে তার অসাধারণ আচরণ, বিনয়, ধারাবাহিকতা এবং দলীয় খেলায় প্রতিশ্রুতির মাধ্যমে সবার শ্রদ্ধা ও প্রশংসা অর্জন করেছেন।
’
বর্তমানে ইন্টার মায়ামির অধিনায়ক হিসেবে খেলছেন মেসি। তার নেতৃত্বে ক্লাবটি ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং ২০২৫ সালে এমএলএস কাপ জিতেছে। পাশাপাশি উত্তর আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
মাঠের বাইরেও বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় মেসি।
বিশেষ করে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে তার ফাউন্ডেশনের কাজ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত।
এর আগে ক্রীড়া বিভাগে এই পুরস্কার পেয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, ফর্মুলা ওয়ান তারকা মাইকেল শুমাখার, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং অলিম্পিক চ্যাম্পিয়ন এলিউড কিপচোগের মতো বিশ্বসেরা ক্রীড়াবিদরা।
এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন