টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণ সহজ করতে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা কর্মসূচি চালু রয়েছে। টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফার্দার এডুকেশন ট্রাস্ট (টিএইচসিডব্লিউএফইটি) এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সহায়তা অনুদানের আবেদন বর্তমানে খোলা রয়েছে। এই উদ্যোগটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানারি ওয়ার্ফ গ্রুপ-এর যৌথ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা কোর্স ফি এবং পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন ব্যয়ের জন্য আর্থিক সহায়তা পেতে পারেন।
এই স্কিমের আওতায় ফারদার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ তিন হাজার আটশ পাউন্ড পর্যন্ত, হায়ার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার দুইশ পাউন্ড পর্যন্ত এবং পোস্টগ্রাজুয়েট কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার নয়শ পাউন্ড পর্যন্ত অনুদান প্রদান করা হয়। যেসব আবেদনকারী মূলধারার স্টুডেন্ট ফাইন্যান্স -এর জন্য যোগ্য নন, তারা কোর্স ফি সহায়তার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যেসব পরিবারের বার্ষিক আয় পঁচিশ হাজার পাউন্ডের নিচে, তারা মেইনটেন্যান্স সহায়তার জন্য বিবেচিত হতে পারেন।
আবেদনকারীদের অবশ্যই টাওয়ার হ্যামলেটসে কমপক্ষে তিন বছর বসবাসের প্রমাণ দিতে হবে এবং অন্যান্য যোগ্যতার শর্ত প্রযোজ্য থাকবে। সাধারণভাবে যাদের যুক্তরাজ্যে থাকার অনুমতিতে সীমাবদ্ধতা রয়েছে, তারা আবেদন করতে পারবেন না। একইভাবে, যেসব শিক্ষার্থী স্টুডেন্ট ফাইন্যান্স বা মেয়রস' এডুকেশন অ্যাওয়ার্ড-এর মতো সরকারি সহায়তা পেতে পারেন, তাদের ক্ষেত্রে এই ট্রাস্ট সাধারণত অতিরিক্ত অর্থায়ন প্রদান করে না।
এই অনুদানের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন ২০২৬। কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সেপ্টেম্বর থেকে নতুন কোনো এডুকেশন বা ট্রেনিং কোর্স শুরু করতে যাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই আগ্রহীদের সময়মতো আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রয়োজনীয় ফিনান্সিয়াল সাপোর্ট নিশ্চিত করা যায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন