টাওয়ার হ্যামলেটস বারায় এই জুনে সঙ্গীতপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতার আয়োজন করবে। স্থানীয় ছোট ছোট ভেন্যুগুলো রূপ নিবে আন্তর্জাতিক মঞ্চে, যেখানে বিশ্বজুড়ে শিল্পীরা তাদের সঙ্গীত পরিবেশন করবেন। এই আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
১ থেকে ৬ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বখ্যাত এসএক্সএসডব্লিউ লন্ডন (SXSW London), যা ইউরোপের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। ব্যবসা, প্রযুক্তি, সৃজনশীলতা এবং সংস্কৃতির মিলনস্থল হিসেবে এই ইভেন্ট প্রতি বছরই ব্যাপক সাড়া ফেলে। এবারের আয়োজনেও থাকছে বৈচিত্র্যময় সঙ্গীত পরিবেশনা, যা বিভিন্ন দেশের সংস্কৃতি ও ধারার প্রতিনিধিত্ব করবে।
মিউজিক প্রোগ্রামে থাকছে ডালাসের র্যাপ থেকে শুরু করে ফিনল্যান্ডের ‘বানি মেটাল’, কোরিয়ান পপ (K-pop) আইডলদের পরিবেশনা, দক্ষিণ এশীয় হাউস মিউজিক এবং উদীয়মান আফ্রোবিটস শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনা। ফলে সঙ্গীতপ্রেমীরা এক মঞ্চেই উপভোগ করতে পারবেন বিশ্বসঙ্গীতের নানা রঙ।
এদিকে, #লাভটাওয়ারহ্যামলেটস্ (#LoveTowerHamlets) উদ্যোগ এবং এসএক্সএসডব্লিউ লন্ডন-এর আয়োজকরা স্থানীয় বাসিন্দাদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুযোগ। তারা মোট ৫০টি মিউজিক ডে পাস বিনামূল্যে জেতার সুযোগ দিচ্ছে, যার মাধ্যমে বিজয়ীরা এই আন্তর্জাতিক উৎসবের অংশ হতে পারবেন। https://submissions.sxswlondon.com/tower-hamlets-competition?hs_preview=wqPwaPaL-397594476754 - এই ওয়েবসাইট ভিজিট করে পাস্ জেতার প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য বিশ্বমানের সাংস্কৃতিক অভিজ্ঞতা আরও সহজলভ্য করা এবং স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করাই মূল লক্ষ্য।
যারা সঙ্গীত ভালোবাসেন এবং বিশ্বমানের লাইভ পারফরম্যান্স উপভোগ করতে চান, তাদের জন্য এটি হতে পারে জীবনের অন্যতম সেরা সুযোগ। তাই আগ্রহীদের দ্রুত অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন