শ্রীরামসি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’র ৩৬ লাখ ১৫ হাজার টাকার প্রকল্প বাস্তবায়ন

আনসার আহমেদ উল্লাহ//

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৩৬ লক্ষ ১৫ হাজার টাকার প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে শ্রীরামসি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে। এ উপলক্ষে গত সোমবার পূর্ব লন্ডনে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত বাস্তবায়িত রাস্তাঘাট নির্মাণ, ক্রীড়া ও যুব উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, আর্থিক হিসাব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও প্রথম বাঙালি ডেপুটি মেয়র আকিকুর রহমানের সভাপতিত্বে এবং ট্রাস্টের সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল ইসলাম বাবুলের পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয় নজরুল ইসলাম রুকেছের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

ট্রাস্টের সভাপতি আলহাজ্ব আহবাব হোসেন সভায় গত পাঁচ মাসে বাস্তবায়িত সকল প্রকল্পের খাতওয়ারি বিবরণ ও পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।

বাস্তবায়িত প্রকল্পসমূহ সর্বমোট ব্যয়: ৩৬,১৫,০০০ টাকা,

১. শ্রীরামসি বাজার আরসিসি সড়ক ও মিয়ার বাজার সড়কের মাটি ভরাট প্রকল্প: ২৮,৭০,০০০ টাকা
গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ তিন ধাপে সম্পন্ন হয়েছে। প্রথম ধাপ: বাজারের দক্ষিণ প্রান্তের ট্রান্সফর্মার থেকে টিউবওয়েল পর্যন্ত আরসিসি ঢালাই। ব্যয় ৮,৭৫,০০০ টাকা। দ্বিতীয় ধাপ: টিউবওয়েল থেকে বাজারের উত্তর প্রান্তের ব্রিজ পর্যন্ত আরসিসি ঢালাই। ব্যয় ৮,৫৫,০০০ টাকা। এই অংশের কাজ শ্রীরামসি-রসুলপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপ: বাজারের উত্তর ব্রিজ থেকে মিয়ার বাজার পর্যন্ত মাটি ভরাট ও ভাঙনরোধে বাঁশের আড়-বাঁধ নির্মাণ। ব্যয় ১১,৪০,০০০ টাকা।

২. শ্রীরামসি বাজার-ভল্লবপুর-চান্দ ভরাং সড়ক: ৪,০৫,০০০ টাকা এই প্রকল্পের আওতায় শ্রীরামসি বাজার থেকে করছাকেলী মাদ্রাসা পর্যন্ত ইট সলিং করা হয়েছে। পরে ট্রাস্টের আবেদনের পরিপ্রেক্ষিতে দশঘর ইউনিয়ন পরিষদের সুপারিশে সিলেট জেলা পরিষদ সড়কটি পাকা করে দেয়।

৩. ক্রীড়া ও যুব উন্নয়ন কর্মসূচি: ৩,৯০,০০০ টাকা গত ফেব্রুয়ারি মাসে গ্রামে একটি ফুটবল টুর্নামেন্টের সফল আয়োজন এবং কিশোর ও যুবকদের জন্য ধারাবাহিক ক্রীড়া প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়।

৪. নবনির্মিত আরসিসি সড়কে লাইটিং স্থাপন: ৩২,৫০০ টাকা ।


পথচারীদের নিরাপত্তায় আরসিসি সড়কে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন করেছেন ট্রাস্টের বর্তমান সভাপতি।

সভায় বক্তারা প্রকল্পগুলোর টেকসই বাস্তবায়ন ও কাজের গুণগত মান নিশ্চিত করায় ট্রাস্টের ট্রাস্টিবৃন্দ ও সভাপতি আহবাব হোসেনের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং নিরলস পরিশ্রমের প্রশংসা করেন। তাঁরা বলেন, ট্রাস্টের সদস্যবৃন্দ ও সভাপতির সরাসরি উপস্থিতি এবং নিবিড় পর্যবেক্ষণের কারণেই কাজগুলো দীর্ঘস্থায়ী ও মানসম্মত হয়েছে। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত শ্রীরামসির প্রবাসীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা দুই যুগেরও বেশি সময় ধরে গ্রামের শিক্ষা, সংস্কৃতি ও আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকায় শ্রীরামসি এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের ভূয়সী প্রশংসা করেন এবং ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

ট্রাস্টিবৃন্দের আন্তরিকতা এবং গ্রামের যুবকদের স্বেচ্ছাশ্রম ও সকলের সম্মিলিত অংশগ্রহণের ফলেই প্রকল্পগুলো সফল হয়েছে বলে সভায় উল্লেখ করা হয়। তাদের অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয়।

পর্যালোচনা সভায় প্রবীণ মুরব্বি ও সমাজসেবক মনোহর আলী, জনহিতৈষী আব্দুস সুবহান, সমাজকর্মী লয়লুছ মিয়া, জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আব্দাল মিয়া, শিক্ষানুরাগী সৈয়দ আজিজুর রহমান শামীম, নেপুর আহমেদ, জয়নাল হোসেন, সিবুল মিয়া, আবু হাদী, আমীর আলী, লিটন মিয়া, খালেদ, গনি মিয়া, নুরুল ইসলাম, জুয়েল আলম, সোয়েব আহমেদ, উজ্জ্বল মিয়া ও মোহাম্মদ মুহিবুর রহমানসহ ট্রাস্টের সদস্য ও বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন