মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা।।
পাইকগাছা পৌরসভায় আধুনিক ও পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে প্রথমবারের মতো নির্মাণ করা হচ্ছে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (FSTP) বা মানববর্জ্য শোধনাগার। ১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানববর্জ্য শোধনাগার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নির্বাহী প্রকৌশলী নূর আহমদ, ওয়াটার এইড বাংলাদেশ প্রতিনিধি ফারাহ নাজনীন, বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের প্রতিনিধি নাহিদ হাসান, ওমর ফারুক জুয়েল ও কাজী ফারহানা আফরোজ, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, বিকাশ ঘোষ ও শাহীন হোসেন।
আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে পাইকগাছা পৌরসভা।
পাইকগাছা কয়রা শিববাটী সড়কের পূর্ব পাশে নির্মাণাধীন পৌর ভবনের পাশেই মানববর্জ্য শোধনাগারটি নির্মাণ করা হচ্ছে। পৌর ভবনের নির্মাণ কাজ শেষ হলে এটি পৌর ভবনের সেফটি ট্যাংকি হিসেবে ও ব্যবহার করা হবে। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারী মাসের মধ্যে শোধনাগারটি চালু করা হতে পারে বলে পৌর কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রকল্পটি বাস্তবায়ন হলে যত্রতত্র মানববর্জ্য ফেলা বন্ধ হবে, নির্দিষ্ট স্থানে বৈজ্ঞানিক পদ্ধতিতে শোধন করা হবে। পানিবাহিত রোগ বালাই হ্রাস পাবে, প্রাপ্ত অবশিষ্টাংশ থেকে উন্নতমানের জৈব সার উৎপাদন হবে, যা কৃষি কাজে ব্যবহার করা যাবে এছাড়া পরিবেশ দূষণ রোধ সহ নাগরিক স্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি পৌর এলাকার পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অগ্রগতি হবে বলে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানিয়েছেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন