মার্কিন এফ–৩৫ পেয়ে সম্পর্ক স্বাভাবিক করুক সৌদি আরব, শর্ত ইসরাইলের

gbn

মার্কিন যুক্তরাষ্ট্র যদি সৌদি আরবকে এফ–৩৫ যুদ্ধবিমান বিক্রি করে, তবে সে চুক্তি রিয়াদের সঙ্গে তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করার শর্তে হতে হবে—এমন দাবি তুলেছে ইসরাইল। বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইসরাইলি কর্মকর্তা। তাদের মতে, সৌদি আরবের এফ–৩৫ কেনায় ইসরাইলের সরাসরি আপত্তি নেই, তবে অস্ত্রচুক্তির সঙ্গে সৌদি–ইসরাইল পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি যুক্ত থাকা জরুরি।

আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। আলোচনায় এফ–৩৫ কেনা, দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি এবং সৌদি–ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রধান ইস্যু হতে পারে। যদিও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, এই সফরে সম্পর্ক স্বাভাবিকীকরণ আলোচনার সম্ভাবনা তুলনামূলক কম।

গাজা যুদ্ধ শেষ হওয়ার পর গত মাসে ট্রাম্প ফোনে এমবিএসকে বলেন, তিনি আশা করছেন রিয়াদ ধীরে ধীরে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোবে। পরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি নিশ্চিত করেছেন যে, সৌদি–ইসরাইল সম্পর্ক এবং সম্ভাব্য অস্ত্রচুক্তি তার আলোচ্য তালিকায় রয়েছে। তার ভাষায়, সৌদি আরব শিগগিরই আব্রাহাম চুক্তিতে যুক্ত হতে পারে বলেই তিনি ধারণা করছেন।

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, এফ–৩৫ বিক্রিতে তারা আপত্তি তুলছেন না, তবে চুক্তিটি অবশ্যই সৌদি–ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের বিনিময়ে হতে হবে। তাদের মতে, কোনো কূটনৈতিক ফলাফল ছাড়া এমন উন্নত অস্ত্র সরবরাহ করা ‘ভুল ও প্রতিক্রিয়াশীল’ হবে। এক কর্মকর্তা বলেন, তুরস্ককে এফ–৩৫ দেওয়ার বিরোধিতা থাকলেও সৌদির ক্ষেত্রে উদ্বেগ তুলনামূলক কম—যদি এই চুক্তি আব্রাহাম চুক্তির আওতায় আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার অংশ হয়, যেমনটি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে করা হয়েছিল।

বর্তমানে মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরাইলের কাছেই এফ–৩৫ রয়েছে। সৌদি আরব এই যুদ্ধবিমান পেলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে পরিবর্তন আসবে, যা ইসরাইলের কৌশলগত সুবিধাকে প্রভাবিত করতে পারে। ২০২০ সালে আব্রাহাম চুক্তির অংশ হিসাবে আমিরাতকে এফ–৩৫ দেওয়ার বিষয়ে ইসরাইল সম্মত হলেও পরে নিরাপত্তা শর্ত জটিল হওয়ায় তা বাস্তবায়িত হয়নি।

সৌদির সঙ্গে চুক্তি হলে ইসরাইলও যুক্তরাষ্ট্রের কাছে অনুরূপ নিরাপত্তা নিশ্চয়তা চাইবে। একজন ইসরাইলি কর্মকর্তার ভাষায়, মূল আশঙ্কা হলো সৌদি আরবের ভৌগোলিক নিকটতা—সৌদি ভূখণ্ড থেকে এফ–৩৫ উড়ে ইসরাইলে পৌঁছাতে সময় লাগে মাত্র কয়েক মিনিট।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন