সালেহ আহমদ (স'লিপক):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা’-এর সহযোগী সংগঠন ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সনাতন-দীননাথ যুব ও সমাজকল্যাণ সংস্থা-এর প্রধান উপদেষ্টা রত্নদীপ দাস রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনি দাশের সঞ্চালনায় সংগঠনের সভাপতি তীর্থ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত দাশ, সাংগঠনিক সম্পাদক স্বপন দাশ, দপ্তর সম্পাদক গোপাল দাশ জিৎ, দীপ শেখর দাশ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে কিশোরদের মেধা, মনন ও সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে কীভাবে একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে কিশোরেরা ভূমিকা রাখতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’-এর (২০২৬-২০২৭) মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে তীর্থ দাশকে সভাপতি, স্বপন দাশকে সাধারণ সম্পাদক ও গোপাল দাশ জিৎকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটির সভাপতি তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমরা নিষ্ঠার সাথে পালন করব। কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও সামাজিক কল্যাণে এই সংসদ আগামী দিনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন