সাইরেন-বিস্ফোরণের মধ্যেই কিয়েভে জার্মান চ্যান্সেলর

বিমান হামলার সতর্কতামূলক সাইরেন ও বিস্ফোরণের শব্দের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্ৎস। রবিবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করে তিনি ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

একই সঙ্গে রাশিয়াকে হামলা বন্ধের আহ্বান জানান জার্মান চ্যান্সেলর।

 

জার্মান সরকারি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সফরে ইউক্রেনকে ১০০ কোটি ইউরোর সামরিক সহায়তা এবং দেশটির জ্বালানি খাতের মেরামতে ৩৫ কোটি ইউরো দেওয়ার ঘোষণা দেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ড্রোন যৌথভাবে উৎপাদনের একটি চুক্তিও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

এদিন দুই নেতা ইউক্রেনের বিজ্ঞান একাডেমির ব্যাপক ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। গত সপ্তাহে রুশ ড্রোন হামলায় ভবনটিতে অন্তত দুজন নিহত হন।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর গত সপ্তাহে কিয়েভে সবচেয়ে ধারাবাহিক ড্রোন হামলাগুলোর কয়েকটি চালায় রাশিয়া।

 

সেখানে মার্ৎস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ করে বলেন, ‘এই অর্থহীন যুদ্ধ বন্ধ করুন।’ একই সঙ্গে ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর ‘বর্বর হামলা’ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনায় বসতে তারা প্রস্তুত।

এদিকে স্থানীয় সময় রবিবার সকালে কিয়েভে চার দফা বিমান হামলার সতর্কতামূলক সাইরেন শোনা যায়।

শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার শব্দও শোনা গেছে।

 

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো রয়টার্সকে জানান, রুশ হামলার একটি ড্রোন দিনিপ্রো নদীর ওপর নর্দার্ন ব্রিজে আঘাত হানে। এতে সেতুটির সড়কপথ ক্ষতিগ্রস্ত এবং দুজন আহত হয়েছেন। 

ওই এলাকায় গরম পানি সরবরাহ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহ থেকে রাশিয়া কিয়েভের বিভিন্ন সেতুতে হামলা চালিয়ে আসছে বলে জানান তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন