তুরস্কের পশ্চিমাঞ্চলে খনি ধসে আটকা পড়া তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার তাদের মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মানিসা প্রদেশের সোমা জেলায় খনি ধসের পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। সেখানে আটকা পড়া তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ইজমির শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে একটি খনিতে ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে সাত শ্রমিক আটকা পড়েছিলেন।
কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারীরা প্রথমে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেন এবং আরো দুজনকে জীবিত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়। এরপর খনির ভেতরে আরো তিন শ্রমিক আটকা থাকার বিষয়টি নিশ্চিত হয়। শুক্রবার ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
তুরস্কের সোমা এলাকাতেই ২০১৪ সালে দেশটির সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় ভূগর্ভে আগুন লেগে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৩০১ জন শ্রমিক নিহত হয়েছিলেন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন