মৌলভীবাজার প্রতিনিধি //
জেলার হাওর অঞ্চলের বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপুরনের দাবিতে স্মারকলিপি দিয়েছে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবিতে কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ মৌলভীবাজারের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট মৌলভীবাজার জেলার আহŸায়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, বাংলাদেশ কৃষক সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, সহ-সম্পাদক আবু রেজা সিদ্দিকী ইমন,বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষ মোহন্ত প্রমুখ। স্মারকলিপিতে প্রদত্ত দাবিগুলো হলো ক্ষতিগ্রস্ত কৃষকদের সঠিক তালিকা করে যথাযথ ক্ষতিপুরণ। ক্ষতিগ্রস্ত কৃষকদের সকল ঋণ মওকুফ এবং নতুন করে সহজ শর্তে সুদমুক্ত বা স্বল্পসুদে ঋণ প্রদান। সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ১৭০০ টাকা মন দরে ধান ক্রয়। হাটে হাটে কৃষক ঠকানো মুনাফাখোর মধ্যস্বত্বভোগী,আড়তদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। হাওরে গবাদিপশুর অভাবি বিক্রি বন্ধে কার্যকর ব্যাবস্থা গ্রহণ। হাওর অঞ্চলে টেকসইভাবে বিল, নদী, ও খাল খনন। হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণ। পানি ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের অনিয়ম-দুর্নীতি রোধে কার্যকর পদক্ষেপ। কৃষি উপকরণ ও বীজ সরবরাহের অনিয়ম বন্ধ এবং সময়মতো মানসম্মত বীজ ও সার সরবরাহ নিশ্চিত করা। কার্যকর টেকসই বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখা। ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানোর জন্য উদ্যোগ ও পরিকল্পনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। কৃষকের ন্যায্য অধিকার ও জীবিকা রক্ষায় সরকারের জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন