টাওয়ার হ্যামলেটস বারার নেলসন স্ট্রিটে অবস্থিত একটি সাবেক সিনাগগ অর্থাৎ ইহুদী কমিউনিটির এক সময়কার উপাসনালয়ে আজ (মঙ্গলবার) ভোরে সংঘটিত অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান।
পুলিশ জানিয়েছে, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, মঙ্গলবার ভোর ৫টা ৮ মিনিটে সংঘটিত এই হামলাটি ইচ্ছাকৃত ছিল। ঘটনার তদন্তে তারা কাউন্সিলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এই সাবেক সিনাগগ বা উপাসনালয়টি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং কয়েক বছর ধরে এটি বন্ধ রয়েছে।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “সাবেক ইস্ট লন্ডন সেন্ট্রাল সিনাগগে সংঘটিত এই ন্যক্কারজনক ইহুদিবিরোধী হামলায় আমি হতবাক ও গভীরভাবে মর্মাহত। এই সিনাগগ উপাসনালয় হিসেবে বন্ধ হয়ে যাওয়ার পর বিক্রি করা হয়েছিল।
“আমি সাবেক এই উপাসনালয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন জানিয়েছি। পাশাপাশি পুরো ইহুদি কমিউনিটির প্রতি আমার সংহতি প্রকাশ করছি।
“এই ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে, অনুগ্রহ করে ১০১ নম্বরে ফোন করে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছি। আমরা মেট্রোপলিটন পুলিশ, আমাদের ইন্টারফেইথ ফোরাম এবং টেনশন মনিটরিং গ্রুপের সঙ্গে একযোগে কাজ করছি, যাতে সাবেক উপাসনালয়ের আশপাশে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং ইহুদি বাসিন্দা ও ধর্মীয় অংশীদারদের সহায়তা দেওয়া যায়। বাসিন্দাদের আশ্বস্ত করতে সেখানে পুলিশের পাশাপাশি আমাদের টাওয়ার হ্যামলেটস এনফোর্সমেন্ট অফিসারদের দৃশ্যমান টহল বাড়ানো হবে।”
নির্বাহী মেয়র আরো বলেন, “টাওয়ার হ্যামলেটসের শক্তি নিহিত রয়েছে আমাদের বৈচিত্র্য, সকলকে স্বাগত জানানোর ইতিহাস, এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্মানের সংস্কৃতিতে। কেবল স্ট্রিটের যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত - সব ধরনের ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে এক হয়ে দাঁড়ানোর গর্বিত ইতিহাস রয়েছে আমাদের পূর্ব লন্ডনের সম্প্রদায়ের।
“এই হামলা কিংবা স্থানীয় ইহুদি কমিউনিটিকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার কোনো চেষ্টাই আমরা সহ্য করব না। টাওয়ার হ্যামলেটসের প্রতিটি বাসিন্দারই আমাদের এই বারাতে নিজেকে নিরাপদ ও ঘরের মতো মনে করার অধিকার রয়েছে।”
মঙ্গলবার সকালের এই অগ্নিসংযোগ সম্পর্কে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করে CAD 1000/5MAY উল্লেখ করতে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন