বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্সের সুযোগ

জিবি নিউজ প্রতিনিধি//

যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর (মাস্টার্স) পড়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত ‘কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপ’ কর্মসূচির আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে ৮ ডিসেম্বর পর্যন্ত।
 

এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাজ্যের অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ পাবেন। পড়াশোনার সম্পূর্ণ খরচের পাশাপাশি বিমানভাড়া ও মাসিক জীবনযাত্রার ব্যয়ও বহন করা হবে। যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
 

 

 

সিএসসি জানায়, ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। সাধারণত ১২ মাস মেয়াদি এই বৃত্তির মূল লক্ষ্য হলো কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর দক্ষ ও সম্ভাবনাময় শিক্ষার্থী এবং পেশাজীবীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া, যারা নিজ খরচে যুক্তরাজ্যে পড়াশোনা করতে সক্ষম নন।
 

বৃত্তিতে যেসব সুবিধা মিলবে
কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া-আসার অনুমোদিত বিমানভাড়া এবং মাসিক জীবনযাত্রার ভাতা দেওয়া হবে।

বর্তমানে নির্ধারিত হার অনুযায়ী, যুক্তরাজ্যে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড ভাতা পাবেন। তবে লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়লে মাসিক ভাতার পরিমাণ হবে ২ হাজার পাউন্ড। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এই ভাতার পরিমাণ পরিবর্তিত হতে পারে।

 

এ ছাড়া শীতের পোশাক ক্রয়, গবেষণার কাজ, শিক্ষা-সংক্রান্ত ভ্রমণ এবং ভিসার জন্য প্রয়োজনীয় যক্ষ্মা পরীক্ষার খরচেও নির্দিষ্ট শর্তে সহায়তা দেওয়া হবে।
 

কারা আবেদন করতে পারবেন
বাংলাদেশি নাগরিকদের জন্য এ বৃত্তিতে আবেদনের সুযোগ রয়েছে। তবে আবেদনকারীকে কয়েকটি যোগ্যতা পূরণ করতে হবে।

আবেদনকারীর যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস (২:১) সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে স্নাতক ডিগ্রি সম্পন্ন হবে এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। স্নাতকে ফল তুলনামূলক কম হলেও প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে যোগ্য বিবেচিত হওয়ার সুযোগ রয়েছে।

 

আবেদনকারীকে যোগ্য কমনওয়েলথভুক্ত দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। একই সঙ্গে বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার ব্যয় বহন করার সামর্থ্য থাকা যাবে না। উচ্চ আয়ের দেশে আগে পড়াশোনা বা কাজের অভিজ্ঞতার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধিনিষেধ রয়েছে। এ বৃত্তির আবেদনে কোনো বয়সসীমা নেই।
 

আইইএলটিএস কি বাধ্যতামূলক
কমনওয়েলথ স্কলারশিপ কমিশন বৃত্তির আবেদনের জন্য আইইএলটিএস বাধ্যতামূলক করেনি। তবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আইইএলটিএস স্কোর অথবা ইংরেজি ভাষায় দক্ষতার অন্য কোনো প্রমাণ চাওয়া হতে পারে। তাই পছন্দের বিশ্ববিদ্যালয় ও কোর্সের ভর্তি-শর্ত আলাদাভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
 

যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের সিএসসির অনলাইন আবেদনব্যবস্থা ‘সিএসসি সেন্ট্রাল’-এর মাধ্যমে আবেদন করতে হবে। পাশাপাশি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, সেই বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার্স কোর্সে ভর্তির জন্যও আলাদা আবেদন করতে হবে।

 

আবেদনের সময় পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ নম্বরপত্র এবং অন্তত দুজনের স্বাক্ষরিত সুপারিশপত্র জমা দিতে হবে। এ ছাড়া তিনজন সুপারিশকারীর তথ্য দিতে হবে।

আবেদনপত্রে যুক্তরাজ্যে অর্জিত শিক্ষা, জ্ঞান ও দক্ষতা দেশে ফিরে কীভাবে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো হবে, তার বিস্তারিত পরিকল্পনাও তুলে ধরতে হবে।

সিএসসির তথ্য অনুযায়ী, ২০২৭-২৮ শিক্ষাবর্ষে পুরো কর্মসূচির আওতায় প্রায় ১৮০টি বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এই সংখ্যা শুধু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত নয়; বিভিন্ন যোগ্য কমনওয়েলথ দেশের শিক্ষার্থীরা এতে প্রতিযোগিতা করবেন।
 

 

বৃত্তিপ্রাপ্তদের পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে। কর্মসূচিটির অন্যতম উদ্দেশ্য হলো, যুক্তরাজ্যে অর্জিত জ্ঞান ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সক্ষম এমন পেশাজীবী ও শিক্ষাবিদ তৈরি করা।
 

আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ১০টা। এ বৃত্তিতে আবেদন করতে কোনো ফি লাগবে না। বিস্তারিত তথ্য এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও কোর্সের তালিকা পাওয়া যাবে কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ওয়েবসাইটে।

অফিশিয়াল ওয়েবসাইট: https://cscuk.fcdo.gov.uk/scholarships/commonwealth-shared-scholarships-applications/ সরাসরি আবেদন: https://portal.csccentralonline.org.uk/application.

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন