টাওয়ার হ্যামলেটসে বিনামূল্যে সাঁতার কর্মসূচি আরো বড় হচ্ছে

টাওয়ার হ্যামলেটস বাসীদের জন্য বিনামূল্যে সাঁতারের সুবিধা আরও বড় করা হয়েছে। কাউন্সিল সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, এখন ৩৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ এবং অভিভাবকরা তাদের দুই সন্তানকে নিয়ে বিনামূল্যে সাঁতার কাটার সুবিধা উপভোগ করতে পারবেন। ইতিমধ্যেই ১৬ বছর বা তার বেশি বয়সী সব নারী ও মেয়ে এবং ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ বাসিন্দারা এই সুবিধা পেয়ে আসছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে টাওয়ার হ্যামলেটসের আরও হাজার হাজার বাসিন্দা বিনামূল্যে সাঁতারের আওতায় আসবেন।
কাউন্সিল জানিয়েছে, টাওয়ার হ্যামলেটসে অর্ধেক প্রাপ্তবয়স্ক ওজনাধিক্য বা স্থূলকায় এবং এক-চতুর্থাংশের মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে। সাঁতারকে স্বাস্থ্য সমস্যা সমাধানের একটি কার্যকর উপায় হিসেবে বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাঁতার শরীরের সব প্রধান পেশী শক্তিশালী করে এবং মানসিক সুস্থতা বাড়ায়।
উল্লেখ্য, যুক্তরাজ্যে গত ১৫ বছরে ১ হাজারের বেশি পুল বন্ধ হয়েছে, যার মধ্যে ৫০০ টি কাউন্সিল পরিচালিত পুল ছিল। টাওয়ার হ্যামলেটস সেই প্রবণতার বিপরীতে গিয়ে আগামী দশ বছরে লেজার সুবিধার জন্য ৪০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা করেছে। বিনামূল্যে সাঁতারের সুবিধা পাওয়া যাবে 'বি ওয়েল' লেজার সেন্টারগুলোতে। কাউন্সিল ২০২১ সালে লেজার সেন্টার গুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে 'বি ওয়েল' নামে পুনরায় চালু করে।
গত বছর জুলাইয়ে এই কর্মসূচি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২০ হাজার ৫৮৩ জন বাসিন্দা বিনামূল্যে সাঁতারের সুবিধা নিয়েছেন। এদের মধ্যে ১৮ হাজারের বেশি নারী ও মেয়ে এবং প্রায় ৩ হাজার ৯০০ জন ৫৫ বছর বা তার বেশি বয়সী বাসিন্দা রয়েছেন।
বিনামূল্যের সদস্যপদ নিতে বাসিন্দাদের অনলাইনে নিবন্ধন করতে হবে অথবা যেকোনো বি ওয়েল লেজার সেন্টারে যেতে হবে। সদস্যপদ সক্রিয়করণের জন্য যোগ্যতার প্রমাণ দিতে হবে এবং বয়স ও টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা হওয়ার প্রমান সহ বৈধ আইডি দেখাতে হবে।
সাঁতারের সেশনগুলো ৬ এপ্রিল থেকে বুকিং দেওয়া যাবে। কাউন্সিল জানিয়েছে, সেশন দ্রুত পূর্ণ হতে পারে, তাই দ্রুত নিবন্ধন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ভবিষ্যতে হোয়াইটচ্যাপেল লেজার সেন্টারে একটি নতুন ছয় লেনের সুইমিং পুল, শিশুদের পুল, বড় জিম স্পেস এবং নারীদের জন্য আলাদা জোন তৈরির পরিকল্পনাও রয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন