মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে ২৮ মার্চ শনিবার রাতে ঢাকায় স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ প্রবাসী সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ। তিনি মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগ ও বীরত্বগাথা জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দেলোয়ার জাহিদ বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং সহিংসতা, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর অপ্রত্যাশিত চাপ সৃষ্টি হয়েছে। দায়িত্ব ও জবাবদিহিতার ঘাটতি দেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষুণ্ন করছে। তিনি বলেন, মানবাধিকার সংগঠনগুলোর ঐক্যবদ্ধ উদ্যোগ, সমন্বিত কার্যক্রম এবং সচেতন নাগরিক সমাজের অংশগ্রহণ সরকারকে এ পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করতে পারে এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনায় বগুড়ার পুন্ড্র ইউনিভার্সিটির রেজিস্ট্রার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর সাবেক পরিচালক ড. আনোয়ার জাহিদ স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তারের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন। তিনি তরুণ প্রজন্মকে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বুদ্ধিজীবী অধ্যক্ষ সাদিক পুত্র ড. কামরুল হাসান, সাবেক পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এবং সভাপতি, স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ।
আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক খায়রুল আহসান মানিক (ইউএনবি), ভাইস প্রেসিডেন্ট, স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ; মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক সাজ্জাদ হোসেন (বাসস); ফিরোজ মিয়া, সম্পাদক, দৈনিক ভোরের সূর্যোদয়; নারী নেত্রী নাসিমা আক্তার, সাবেক পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি; সাংবাদিক শামসুল হাবিব (যুগান্তর); সাইফুর হাসান, সাইবার সিকিউরিটি কর্মকর্তা; প্রবাসী ব্যবসায়ী শাখাওয়াত ইকবাল এবং প্রকৌশলী ইভানা হোসাইন।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী ইভানা হোসাইন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন