জিবি নিউজ ||
যুক্তরাজ্যের ঐতিহাসিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৫তম ওয়ার্ল্ড লিডার্স সামিটে আন্তর্জাতিক অঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে “Inspiring Woman of the Year – International Advocacy” পুরস্কারে ভূষিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি মিস তানাকা নাসরিন পিঙ্কি।
গত ১৬ ডিসেম্বর ২০২৫, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেবল কলেজের ও’রেইলি থিয়েটারে আয়োজিত এই সম্মানজনক অনুষ্ঠানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও সমাজ পরিবর্তনের অগ্রদূতরা উপস্থিত ছিলেন।

মিস তানাকা নাসরিন পিঙ্কি বাংলাদেশের দিনাজপুর জেলার সন্তান এবং বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত একজন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাডভোকেট। তিনি দীর্ঘদিন ধরে নারী নির্যাতন প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার প্রতিষ্ঠায় সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
ওয়ার্ল্ড লিডার্স সামিট কর্তৃপক্ষ জানায়, নারীদের নেতৃত্ব, অধিকার ও আন্তর্জাতিক অ্যাডভোকেসিতে তার দৃঢ় অঙ্গীকার ও প্রভাবশালী ভূমিকার কারণেই তাকে এই সম্মাননা প্রদান করা হয়। তার নেতৃত্ব সাহস, উদ্দেশ্য ও ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে বিবেচিত হয়েছে।
এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয়, বরং সমগ্র বাংলাদেশি ও ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
মিস তানাকা নাসরিন পিঙ্কির উজ্জ্বল ভবিষ্যৎ, অব্যাহত সাফল্য এবং মানবিক কর্মকাণ্ডে আরও অগ্রগতির জন্য বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন