রাজু আহমেদ, প্রাবন্ধিক।
একবার ভাবুন তো— একটা ফানুসের দাম ১৫০ টাকা। আবার ফুটপাতের একটা সোয়েটারের দামও ১৫০ টাকা। ফানুস একবারেই উড়ে যাবে, আর সোয়েটারটা পরা যাবে কয়েক বছর। দুটি ফানুসের দামে মোটামুটি মানের একটা কম্বল হয়— যেটা ব্যবহার করা যাবে ৪–৫ বছর।
এই যে থার্টি ফার্স্ট নাইটে হাজার হাজার ফানুস উড়বে, তাতে অন্ধকার রাতটা কিছু সময়ের জন্য আলো ঝলমলে হবে। কিন্তু আপনি কি সেই অন্ধকার দেখেছেন, যা মানুষের চোখের ভেতরে থাকে?
নিশ্চয়ই সে অন্ধকার দেখেননি। দেখলে আর ফানুস উড়ানোর মতো কাজ করতে পারতেন না।
আচ্ছা, ফানুস উড়ানোকে কাজ বলব, নাকি অকাজ? থাক, সে সব কথা! ফানুস উড়িয়ে আপনি অন্ধকার রাতটাকে আলো ঝলমলে করার চেষ্টা করছেন মাত্র এক রাতের জন্য; অথচ আপনার আশেপাশের কিছু মানুষের চোখে সারাজীবন অন্ধকার লেগেই থাকে। কত মানুষ এই শীতের রাতে রাস্তায় খোলা আকাশের নিচে ঠান্ডায় জমে যাচ্ছে, কাতর হচ্ছে ক্ষুধায়।
আহারে! শহরজুড়ে মানবতা কাঁদছে—শুনতে পান? গোটা একটা প্রজন্ম আমিষহীনতায় বেড়ে উঠছে! একটা কিছু করুন!
ফানুসটা উড়ে যাবে। কতদূর উড়বে? কতক্ষণ থাকবে? কোথায় যাবে?— আপনি জানেন না। এমনও তো হতে পারে- ফানুসের আগুনে কারো স্বপ্ন পুড়ে ছাই হবে। ইতোপূর্বে উড়ন্ত আগুন অনেক বড় বড় দূর্ঘটনার কারণ হয়েছে।
এবার না হয় ফানুসের টাকায় কিংবা থার্টি ফার্স্ট নাইটে অপচয়ের জন্য রাখা টাকায় কম্বল, সোয়েটার অথবা কিছু খাবার কিনে অসহায় মানুষদের দান করুন। আপনার এই কাজটা আসমান পেরিয়ে যাবে, টিকে থাকবে কেয়ামত পর্যন্ত। ইহকালে পাবেন অন্তরের প্রশান্তি, আর পরকালে আল্লাহ তায়ালা দেবেন পুরস্কার।
বাদ দিন পরকালের কথা— মানসিক তৃপ্তি পাবেন, গ্যারান্টি দিচ্ছি। একটা কম্বল নিয়ে গভীর রাতে ঘুমন্ত কোনো ছিন্নবস্ত্র মানুষের পাশে দাঁড়ান। এতে হয়তো আপনার কিছু পাপ মুছে যেতে পারে, অথবা আপনার দিকে তেড়ে আসা কোনো বিপদ থেমে যেতেও পারে। নিঃস্বার্থ চিত্তে ভাসমান মানুষকে একটুখানি উষ্ণতা দিতে ইচ্ছে করে না? না করলে কেন করে না?- নিজেকে বার বার প্রশ্ন করে উত্তর আদায় করুন।
অন্ধকার রাতে ল্যাম্পপোস্টগুলো ঠিকই জ্বলে— রাতকে আলোকিত করে। ল্যাম্পপোস্ট ব্যর্থ হলেও চাঁদ তারা ব্যর্থ হবে না। মানুষের মনে আলো জ্বালানোর দায়িত্ব নিন। জীবনে অন্তত একবারের জন্য হলেও মানুষের মতো মানুষ হোন। ফানুস উড়লে আকাশটা আলোকিত হতো,
চলুন না— এবার আলোকিত করি মাটিটাকে। খুব জরুরি এটা।
কারও জীবনের ঘোর অন্ধকার দূরীকরণের শপথে একবার না হয় ল্যাম্পপোস্ট হই। শুধু একবার করুন। কথা দিচ্ছি— জীবনে বারবার এমন করতে ইচ্ছা করবে।
আসমানের নিচে আর মাটির উপরে— এর চেয়ে মহৎ কর্ম আর একটাও নেই।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন