মাইল এন্ড পার্কের আর্ট প্যাভিলিয়নে ১০ ডিসেম্বর আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ঘোষণা করা হলো টাওয়ার হ্যামলেটস ইন ব্লুম ২০২৫ - এর বিজয়ীদের নাম। হর্টিকালচার বা উদ্যান চর্চায় আগ্রহ বাড়ানো এবং পরিবেশের প্রতি সম্মান ও যত্ন প্রচারে উৎসাহ দিতে জাতীয় ইন ব্লুম কর্মসূচির অংশ হিসেবে প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ বছরও কমিউনিটি গ্রুপ, স্কুল এবং ব্যক্তিগত অংশগ্রহণকারীরা তাদের উদ্যানচর্চা, পরিবেশ রক্ষা, টেকসই অনুশীলন এবং কমিউনিটি সম্পৃক্ততার জন্য সম্মানিত হন। গ্রীষ্মে যখন বাগান, ব্যালকনি ও উইন্ডোবক্সগুলো পূর্ণ রূপে ফুটে ছিল, তখন বিচারকদের পরিদর্শনে তাদের প্রতিশ্রুতি ও নিষ্ঠা বিশেষভাবে নজর কাড়ে।
টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুফুর রহমান বলেন, “টাওয়ার হ্যামলেটসের অসংখ্য ব্যক্তি ও দল যে নিষ্ঠা ও উদ্যম নিয়ে কমিউনিটি গার্ডেনিংকে এগিয়ে নিচ্ছেন, তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাদের প্রচেষ্টা আমাদের বরোকে আরও রঙিন, প্রাণবন্ত ও বসবাসযোগ্য করে তুলছে।”
অনুষ্ঠানে কাউন্সিল নেতারা বিজয়ীদের হাতে তুলে দেন ট্রফি, সনদ ও পুরস্কার।
বিচারকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছেন আইল অব ডগস - এর বাসিন্দা স্যালি ক্রেন, যার কাজকে আবাসিক এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও কমিউনিটি অনুপ্রেরণার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আখ্যা দেওয়া হয়। তিনি ব্যক্তিগত ক্যাটাগরিতে সামগ্রিক বিজয়ী হন।
বিচারকরা বলেন: “স্যালির সামনে বাগানটি রঙের বিস্ফোরণ-চোখ সরানো অসম্ভব।”
গ্রুপ ক্যাটাগরিতে সামগ্রিক বিজয়ী হয় বাইগ্রোভ প্রাইমারি স্কুল, আর বেথনাল গ্রীন নেচার রিজার্ভ - এর মাইকেল স্মাইথ গার্ডেনার অব দ্যা ইয়ার নির্বাচিত হন।
আজীবন অর্জন পুরস্কার লাভ করেন পার্ল সাওয়ারবি, যিনি দীর্ঘদিন ধরে ইন ব্লুম অভিযানের নীরব শক্তি হিসেবে কাজ করে আসছেন। বিচারকরা তাকে বর্ণনা করেন এভাবে: “পার্ল বছরের পর বছর আমাদের ভরসার স্তম্ভ। প্রতিটি পরিদর্শন, আয়োজন ও বিচার প্রক্রিয়ায় তিনি শান্ত, সৌজন্যপূর্ণ ও উদার আচরণে আমাদের পথ দেখিয়েছেন।”
তাঁর হাতে পুরস্কারটি তুলে দেন কাউন্সিলর কামরুল হুসাইন।
সংস্কৃতি ও বিনোদন বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর কামরুল হুসাইন বলেন, “টাওয়ার হ্যামলেটসে সব বয়স ও পটভূমির মানুষ উদ্যানচর্চার মাধ্যমে কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনছেন। এটি মানসিক সুস্থতা, পরিবেশ সুরক্ষা এবং পারস্পরিক সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি সকল অংশগ্রহণকারী এবং বিশেষ করে বিজয়ীদের অভিনন্দন জানান।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন