রাষ্ট্রদূত নাহিদা সোবহানের সাথে বাংলাদেশ উইমেনস ডায়াসপোরা জেনেভার নেতৃবৃন্দ
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড থেকে ||
সুইজারল্যান্ডের জেনেভা শহরের রু দ্য লিওনের একটি হলে শনিবার, ১৩ ডিসেম্বর, সারাদিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উইমেনস ডায়াসপোরা জেনেভা-এর উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী পিঠা উৎসব। এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ ক্লাব জেনেভা। উৎসবে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে হলটি পরিণত হয় এক টুকরো বাংলায়।

জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনেভাস্হ বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত নাহিদা সোবহান। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তিনি। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কল্যাণে সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ক্লাব জেনেভার সহ-সভাপতি রবিউল আউয়াল, সাধারণ সম্পাদক মারুফ আনোয়ার এবং সাংস্কৃতিক সম্পাদক সহিদুল আলম স্বপন। তাঁদের বক্তব্যে প্রবাসে নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ধরে রাখার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
বক্তব্য পর্ব শেষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক আকর্ষণীয় ফ্যাশন শো এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশন করা হয় নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় পিঠা। পিঠার স্বাদে, গান-নৃত্যের ছন্দে এবং প্রবাসী মিলনমেলায় দিনটি হয়ে ওঠে স্মরণীয় ও প্রাণবন্ত।

এই পিঠা উৎসব প্রমাণ করে হাজার মাইল দূরেও প্রবাসীরা হৃদয়ে বয়ে নিয়ে চলেছেন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের উষ্ণতা।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন