যে কারণে সামরিক ঘাঁটিতে থাকছেন ট্রাম্প প্রশাসনের একাধিক মন্ত্রী

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক শতাব্দীরও বেশি পুরোনো কিছু সামরিক আবাসনে এখন বসবাস করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্য। কঠোর নিরাপত্তাবেষ্টিত এসব বাড়ি মূলত জেনারেল ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের জন্য তৈরি করা হয়েছিল।

বেড়া ও নিয়ন্ত্রিত প্রবেশপথ থাকায় এসব আবাসন রাজধানীর অন্যান্য এলাকা থেকে অনেকটাই বিচ্ছিন্ন।

 

সিএনএন-এর প্রতিবেদনে এই খবর বলা হয়ছে। ট্রাম্প প্রশাসনের প্রায় ছয়জন সদস্য বর্তমানে এসব সামরিক আবাসনে থাকছেন। ওয়াশিংটনের অন্য যেকোনো এলাকার তুলনায় এখানে তারা বেশি নিরাপদ।

অতীতে কোনো মার্কিন প্রশাসনের এতসংখ্যক বেসামরিক কর্মকর্তার সামরিক আবাসনে থাকার নজির খুব একটা দেখা যায়নি।

 

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি এবং বিদেশি শত্রুদের কাছ থেকে নতুন নতুন হুমকির কারণে সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের ধারণা, ভবিষ্যতে রিপাবলিকান বা ডেমোক্র্যাট, যে দলের সরকারই ক্ষমতায় আসুক না কেন, শীর্ষ কর্মকর্তাদের সামরিক আবাসনে থাকার প্রবণতা অব্যাহত থাকতে পারে।

চলতি মাসে সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ ধরনের হুমকির কারণে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, এর ফলে যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঐতিহ্য হলো, বেসামরিক নেতারা সাধারণ মানুষের সঙ্গে একই এলাকায় বসবাস করবেন এবং তাদের কাছাকাছি থাকবেন।

 

প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনে নিজের প্রভাব বাড়াতে নানা উদ্যোগ নিয়েছেন। শহরটিকে অনিরাপদ উল্লেখ করে তিনি সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। পাশাপাশি হোয়াইট হাউসে নতুন বলরুম নির্মাণ এবং সরকারি গলফ কোর্স সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

অথচ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সাধারণ মানুষের কাছ থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

 

আমেরিকান ইউনিভার্সিটির সেন্টার ফর কংগ্রেশনাল অ্যান্ড প্রেসিডেনশিয়াল স্টাডিজের পরিচালক থমাস কান বলেন, উচ্চপদস্থ কর্মকর্তারা এমনিতেই নিরাপত্তার কারণে সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা বিচ্ছিন্ন থাকেন। তাদের সঙ্গে সব সময় নিরাপত্তারক্ষীরা থাকেন এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার সময়ও বিশেষ ব্যবস্থা করা হয়। তবে এখন তারা সাধারণ মানুষের বসবাসের এলাকাতেও থাকছেন না। ফলে এই বিচ্ছিন্নতা আরো বাড়ছে।

সম্প্রতি সামরিক আবাসনে উঠেছেন ট্রাম্প প্রশাসনের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জর্জটাউনের বিলাসবহুল বাড়ি ছেড়ে ওয়াশিংটনের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে চলে গেছেন। এই মাসের শুরুতে সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে বেসেন্ট জানান, ইরানের পক্ষ থেকে তার জীবনের ওপর হুমকি থাকায় নিরাপত্তার স্বার্থে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন তিনি।

বেসেন্ট বলেন, ‘ইরানের নেতাদের ধিক্কার জানাই। আমি ভয় পেয়ে পিছু হটব না। তারা আমাকে ও মন্ত্রিসভার অন্য সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। তবে আমরা ভয় পাব না।’ নিরাপত্তাঝুঁকির কারণে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চকেও সম্প্রতি একটি সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। তার পূর্বসূরি পাম বন্ডিও গত বছর সামরিক আবাসনে ছিলেন।

বিদেশি হুমকির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা নিয়েও উদ্বিগ্ন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। বিশেষ করে রক্ষণশীল কর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডের পর তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার, তার স্ত্রী কেটি ও চার সন্তানও গত বছর ভার্জিনিয়ার বাড়ি ছেড়ে সামরিক আবাসনে চলে যান। 

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, তাদের বাড়ির সামনে বিক্ষোভ, ব্যক্তিগত ঠিকানা প্রকাশ এবং হুমকির ঘটনা ঘটেছিল। এসব কারণে নিরাপত্তার স্বার্থে তারা বাড়ি ছাড়েন।

সামরিক আবাসনে থাকার খরচ

গত বছর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সমালোচনার মুখে পড়েন। ফোর্ট ম্যাকনেয়ারে তার বাসভবন মেরামত ও সংস্কারের জন্য সেনাবাহিনী ১ লাখ ৩৭ হাজার ২৯৭ ডলার খরচের পরিকল্পনা করেছিল। সামরিক আবাসনে বসবাসকারী কর্মকর্তাদের সাধারণত মাসে ৪ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হয়। এই নিয়মের ভিত্তি তৈরি হয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সময়।

গেটস ছিলেন প্রথম প্রতিরক্ষামন্ত্রী, যিনি ওয়াশিংটনের নেভি হিলের একটি ঐতিহাসিক সামরিক আবাসনে বসবাস শুরু করেন। তখনকার নিয়ম অনুযায়ী, তাকে স্থানীয় এলাকার সমমানের বাড়ির বাজারদর অনুযায়ী মাসে ৬ হাজার ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হতো।

২০০৮ সালে পেন্টাগন ভাড়া কমানোর প্রস্তাব দেয়। তাদের যুক্তি ছিল, সামরিক আবাসনে কর্মকর্তারা থাকলে আলাদা নিরাপত্তাব্যবস্থা ও কর্মী নিয়োগের প্রয়োজন হয় না। এতে সরকারের অর্থ সাশ্রয় হয়। কংগ্রেস প্রস্তাবটি অনুমোদন করে। এরপর থেকে প্রতিরক্ষামন্ত্রীরা চার তারকা জেনারেল বা অ্যাডমিরালের নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ শতাংশ বেশি দিয়ে এসব আবাসনে থাকতে পারেন।

তবে ২০১৭ সালে জিম ম্যাটিসের আগে মন্ত্রিসভার অন্য কোনো সদস্য নেভি হিলের ওই আবাসনে থাকেননি। ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সেখানে থাকার আগ্রহ দেখালেও নৌবাহিনী আপত্তি জানায়। তাদের আশঙ্কা ছিল, এতে আইনি, আর্থিক ও নৈতিক জটিলতা তৈরি হতে পারে। পাশাপাশি, আবাসনসংকটের মধ্যে একজন বেসামরিক কর্মকর্তার জন্য কোনো সামরিক সদস্যকে তার নির্ধারিত বাড়ি থেকে সরিয়ে দিতে হতে পারে। শেষ পর্যন্ত পম্পেও ভার্জিনিয়ার ফোর্ট মায়ার সামরিক ঘাঁটির একটি আবাসনে বসবাস করেন।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন