চতুর্থবারের মতো লিবার্তাদোরেস চ্যাম্পিয়ন ব্রাজিলের পালমেইরাস

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। ফাইনালে আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেস দে লা প্লাতাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দলটি।

 

শনিবার (২৮ নভেম্বর) উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ৫২ মিনিটে রামন সোসার করা গোলে এগিয়ে যায় পালমেইরাস। শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধান ধরে রেখেই শিরোপা নিশ্চিত করে আবেল ফেরেইরার দল।

 


 

গোলের সূচনা হয়েছিল আর্থার গ্যাব্রিয়েলের দারুণ এক পাস থেকে। তাঁর বাড়ানো বল পেয়ে জন আরিয়াসের হেডে বল চলে যায় রামন সোসার সামনে। কাছ থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন প্যারাগুয়ের এই ফরোয়ার্ড। এরপর সমতায় ফেরার জন্য একাধিক চেষ্টা করেও সফল হয়নি এস্তুদিয়ান্তেস।

 


 

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এ সময় মাঠে দেখা যায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদকে। তাঁদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন পালমেইরাসের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় লিবার্তাদোরেসের শিরোপা ও পদক।


 

এই জয়ের মধ্য দিয়ে লিবার্তাদোরেসে চতুর্থ শিরোপা ঘরে তুলল পালমেইরাস। এর আগে ১৯৯৯, ২০২০ ও ২০২১ সালে এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

২০২৫ সালের ফাইনালে ফ্লামেঙ্গোর কাছে হেরে রানার্সআপ হয়েছিল দলটি। এবার সেই হতাশা কাটিয়ে আবারও দক্ষিণ আমেরিকার সেরা ক্লাবের স্বীকৃতি পেল আবেল ফেরেইরার দল।

 


 

অন্যদিকে এস্তুদিয়ান্তেসের সামনে ছিল পঞ্চমবারের মতো লিবার্তাদোরেস জয়ের সুযোগ। কিন্তু পালমেইরাসের কাছে হেরে সেই স্বপ্ন পূরণ হয়নি আর্জেন্টিনার ক্লাবটির। চতুর্থ শিরোপা জয়ের মধ্য দিয়ে লিবার্তাদোরেসে এস্তুদিয়ান্তেসের সমান চারটি শিরোপার মালিক হলো পালমেইরাস।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন