লস অ্যাঞ্জেলেসে দাবানল মনুষ্যসৃষ্ট, একজন দোষী সাব্যস্ত

গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এবং মালিবুর এলাকার ভয়াবহ দাবানলে ১২ জন মারা গিয়েছিল, ধ্বংস হয়েছিল ৬ হাজার ৮০০রও বেশি ভবন। ধনকুবেরদের আবাসনের জন্য পরিচিত অভিজাত এলাকার এই অগ্নিকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকেই।

এখন জানা গেছে, সে দাবানল কোনো দুর্ঘটনা ছিল না। হতাশ আর ক্ষুব্ধ এক ব্যক্তি ‘ধনকুবেরদের ওপর প্রতিশোধ’ নিতে আগুন লাগিয়েছিল।      

 


 

লস অ্যাঞ্জেলেসের একটি জুরি শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানল সৃষ্টির দায়ে ৩০ বছর বয়সী জোনাথন রিন্ডারনেখটকে দোষী সাব্যস্ত করেছেন। আগের জুরিরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিচারক মামলাটি বাতিল ঘোষণা করার প্রায় পাঁচ মাস পর এই রায় দেওয়া হলো।

নিজেকে নির্দোষ দাবি করা রিন্ডারনেখট দুটি ফেডারেল অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। আগামী ১৭ মার্চ তার সাজা ঘোষণা করা হবে, যেখানে প্রতিটি অভিযোগের জন্য তার ৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 

রিন্ডারনেখট লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এবং সাবেক রাইড-শেয়ার ডেলিভারি চালক। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি দিয়েছিলেন যে, ছুটির দিনে যাওয়ার মতো কোনো জায়গা না থাকায় প্রতিশোধ, ক্রোধ এবং একাকীত্ব থেকে রিন্ডারনেখট এই কাজ করেছিলেন।

রাষ্ট্রপক্ষ অভিযোগ করে যে, রিন্ডারনেখটের মধ্যে ‘একটি বদ্ধমূল বিশ্বাস ছিল যে ধনীরাই পৃথিবী ধ্বংস করছে’ এবং সেই ক্ষোভ থেকেই তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই অভিজাত এলাকায় আগুন লাগিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রমাণ হিসেবে রিন্ডারনেখটের আইফোনের জিওলোকেশন (অবস্থানগত) তথ্য, তার গাড়ির অবস্থান দেখানো সিসিটিভি ফুটেজ এবং যাত্রীদের সাক্ষ্য উপস্থাপন করেন।

 

গত বছরের ১ জানুয়ারি আগুন লাগানোর দায়ে রিন্ডারনেখটকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সেই আগুন গাছের শিকড়ের গভীরে অলক্ষ্যে জ্বলতে থাকে এবং ছয় দিন পর তা পুনরায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে আনা একটি অভিযোগ ছিল মূল ঝোপঝাড়ে আগুন লাগানোর জন্য, আর অন্যটি ছিল আগুন পুনরায় প্রজ্বলিত হয়ে যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার ক্ষয়ক্ষতির জন্য।

 


 

ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের প্রধান বিল এসাইলি বলেন, ‘আমরা তাকে জবাবদিহিতার আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আজকের এই দোষী সাব্যস্ত করার রায় সেই সব পরিবারের জন্য কিছুটা হলেও ন্যায়বিচার নিশ্চিত করেছে, যারা প্রিয়জন হারিয়েছেন এবং যা  দের জীবন ওলটপালট হয়ে গেছে।’ বিচার চলাকালীন আসামিপক্ষের আইনজীবী স্টিভ হ্যানি যুক্তি দিয়েছিলেন যে, মামলাটি প্রমাণ করার মতো পর্যাপ্ত বস্তুগত প্রমাণ বা নথিপত্র রাষ্ট্রপক্ষের কাছে নেই। আসামিপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই রায়ে হতাশ, তবে জুরির সিদ্ধান্তের প্রতি তাদের শ্রদ্ধা রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ব্যাপক সমালোচিত লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক বিবৃতিতে বলেন, ‘কোনো রায়ই হারানো প্রাণ ফিরিয়ে আনতে পারে না বা পরিবারগুলো যে যন্ত্রণা সহ্য করেছে তা মুছে ফেলতে পারে না।’  তিনি আরো বলেন, ‘এখনো অনেক মানুষ সবকিছু নতুন করে গড়ে তোলার জন্য সংগ্রাম করছেন। যারা এখনো বাস্তুচ্যুত, তাদের কাছে এই ধ্বংসলীলা প্রতিদিনের এক নির্মম বাস্তবতা।’


 


জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে একের পর এক যে কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছিল, এটি ছিল তার মধ্যে একটি। ওই সব দাবানলে সব মিলিয়ে ৩১ জন নিহত এবং ১৬ হাজার স্থাপনা ধ্বংস হয়েছিল। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন