শিক্ষার অধিকার বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করতে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ দূত ফারিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
সফরকালে ফারিদা শহীদ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক সংগঠন, শিক্ষার্থী সংগঠন, শিক্ষাবিদসহ শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া তিনি দেশের বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। সফরে তার ঢাকা, বান্দরবান ও সিলেট যাওয়ার কথা রয়েছে।
সফরে সবার জন্য মানসম্মত সরকারি শিক্ষায় বৈষম্যহীন প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
বিশেষ করে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ ও অধিকার পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। পাশাপাশি শিক্ষা খাতে অর্থায়ন এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর উত্থাপিত অন্যান্য বিষয়ও তার পর্যালোচনায় থাকবে।
সফরের প্রাথমিক পর্যবেক্ষণ তুলে ধরতে আগামী ৩ ডিসেম্বর দুপুর ২টায় ঢাকায় জাতিসংঘ ভবনে সংবাদ সম্মেলন করবেন ফারিদা শহীদ। এতে শুধু স্বীকৃত সাংবাদিকেরা অংশ নিতে পারবেন।
অংশগ্রহণে আগ্রহী সাংবাদিকদের ১ ডিসেম্বরের মধ্যে মো. মোফাজ্জল হোসেনের সঙ্গে (mdmofazzol.hossain@un.org) যোগাযোগ করে নিবন্ধন করতে হবে।
বাংলাদেশ সফরের ওপর পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার পরিষদে উপস্থাপন করবেন বিশেষ দূত।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন