যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা করলেও সেই কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে চলমান বিরোধ মেটাতেও ব্যর্থ ইসলামাবাদকে সেই সংঘাত নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে তেহরান।
এতে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা ও কূটনৈতিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
উপসাগরীয় সংকট শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে শিগগিরই একটি শান্তিচুক্তি স্বাক্ষরের আশাবাদও প্রকাশ করা হয়। কিন্তু ইরানের রাজনীতিক, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে ইসলামাবাদের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রও মধ্যস্থতার প্রক্রিয়ায় কাতারসহ অন্য দেশগুলোর ওপর গুরুত্ব বাড়িয়েছে।
শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর অনলাইনের খবরে বলা হয়েছে, ইরানের সংসদ সদস্য মোহসেন জাঙ্গানেহ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যস্থতার দাবি নিয়ে প্রকাশ্যেই বিদ্রুপ করেছেন। তার অভিযোগ, ইসলামাবাদ ওয়াশিংটনের নির্দেশনা অনুযায়ী কাজ করেছে।
শুধু তাই নয়, এমনকি শেহবাজ শরিফের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রথম পোস্টটিও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ তাকে পাঠিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন জাঙ্গানেহ।
তার ভাষায়, ওই পোস্টের ভাষাও আমেরিকানদের লিখে দেওয়া।
এদিকে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরো বিব্রতকর হয়ে উঠেছে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বিরোধের কারণে। যুক্তরাষ্ট্র ও ইরানের মতো দুই গুরুত্বপূর্ণ পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া দেশটি নিজেই প্রতিবেশীর সঙ্গে সংঘাত নিরসনে ব্যর্থ হচ্ছে। বরং তেহরান ইসলামাবাদকে আফগানিস্তানের সঙ্গে লড়াই বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং বিরোধ মেটাতে সহায়তার প্রস্তাবও দিয়েছে।
বিশ্লেষকদের মতে, তালেবান সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সামরিক শক্তির ওপর নির্ভর করে আফগানিস্তানের ওপর প্রভাব বিস্তারের পাকিস্তানি কৌশল প্রত্যাশিত ফল দেয়নি।
সীমান্তসংকটের সময় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়ে ইসলামাবাদ আফগানিস্তানের মানুষের মধ্যে ক্ষোভ বাড়িয়েছে। বিরোধ নিরসনে একাধিক বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমঝোতা কিংবা যৌথ বিবৃতি আসেনি।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় পাকিস্তানের গুরুত্বও কমছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে ইরানের সঙ্গে আলোচনায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের ভূমিকার কথা উল্লেখ করলেও পাকিস্তানের নাম বলেননি।
একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কাতারের নেতৃত্বে আলোচনা চলার কথা জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নিয়ে কাতারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা বলেছেন।
প্রতিবেদনে ১৯৭১ সালের প্রসঙ্গও টানা হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল পাকিস্তান। কিন্তু সেই কূটনৈতিক সাফল্য তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক সংকট সমাধানে কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে ভেঙে যায় পাকিস্তান। বর্তমানেও দেশটির বিভিন্ন প্রদেশে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
বেলুচিস্তানসহ বিভিন্ন অঞ্চলে অধিকার আদায়ের আন্দোলনে বলপ্রয়োগের অভিযোগ রয়েছে। অন্যদিকে আফগানিস্তানের সঙ্গে সংঘাতও অব্যাহত। এমন পরিস্থিতিতে সেনাপ্রধান আসিম মুনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে পাকিস্তানকে প্রভাবশালী ভূরাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।
বিশ্লেষকদের মতে, মধ্যস্থতাকারীর প্রকৃত সক্ষমতা নির্ধারিত হয় সংশ্লিষ্ট পক্ষগুলোর আস্থা অর্জন এবং কার্যকর সমঝোতা প্রতিষ্ঠার মাধ্যমে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তো দূরের কথা, নিজেদের অভ্যন্তরীণ সংকট ও আফগানিস্তানের সঙ্গে বিরোধ মেটাতেও ব্যর্থ পাকিস্তানের সেই সক্ষমতা নিয়েই এখন প্রশ্ন উঠছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন