পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
'গাছ লাগাই, পরিবেশ বাঁচাই'—এই দূরদর্শী ও সময়োপযোগী স্লোগানকে সামনে রেখে খুলনার উপকূলীয় সুবিধাবঞ্চিত অঞ্চলে সবুজের সমারোহ ঘটাতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় 'সিরাতুল হুদা ট্রাস্ট'-এর উদ্যোগে বিশেষ বৃক্ষরোপণ ৪ ও
৫ ই সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী পাইকগাছা,কয়রা,দাকোপ সহ সোলাদানা , লতা দেলুটি, গড়ুইখালি, গদাইপুর কপিলমুনি হরিঢালী, রাড়ুলীয়া, সহ উপজেলার সরকারি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ অভিযান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই মানবিক আয়োজন।
কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার এস এম হাসানুজ্জামান। এ সময় জলবায়ু সংকট ও পরিবেশগত বিপর্যয় নিয়ে সিরাতুল হুদা ট্রাস্টের ট্রেজারার বলেন, "উত্তোরোত্তর বৈশ্বিক উষ্ণায়ন ও অনিয়মিত আবহাওয়ার ফলে আমাদের এই উপকূলীয় অঞ্চল প্রতিনিয়ত নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। জলবায়ুর এই বিরূপ প্রভাব থেকে নিজেদের রক্ষা করার সবচেয়ে কার্যকর ও প্রাকৃতিক হাতিয়ার হলো বৃক্ষরোপণ। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে এবং সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলার সভাপতি তামিম রায়হান বলেন,
"গাছ শুধু বায়ুমণ্ডলে অক্সিজেনের জোগান দেয় না, বরং প্রাকৃতিক ঢাল হয়ে ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের ধ্বংসলীলা থেকে উপকূলকে রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতি থেকে আমাদের মাটি ও মানুষকে বাঁচাতে এই সবুজ বিপ্লব অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। প্রতিটি রোপণ করা চারা গাছ আমাদের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে।"
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে গৃহীত এই বিশেষ উদ্যোগে সর্বাত্মক অনুপ্রেরণা ও সহযোগিতা প্রদান করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পরিচালক,সিরাতুল হুদা ট্রাস্টের
ও শামছুর রহমান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মেজর মোঃ মেসবাহুল ইসলাম (অবঃ)। পুরো কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন ,
বৃক্ষরোপণ কর্মসূচিটি সফল করতে সোলাদানা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরী আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেন , সাবেক শিক্ষক আব্দুল গফুর বিশ্বাস, মোঃ জাকির হোসেন শাহিন, মাওঃ আব্দুল গফফার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোলাদানা ইউনিয়ন টিমের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়ন সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি কাজী আছাবুর রহমান, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মোঃ সোহাগ হোসাইন, মোঃ তুরজাউল হোসেন এবং ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানের সমাপনীতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগের ওপর নির্ভর না করে সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর এবং প্রাকৃতিক সুরক্ষা গড়ে তোলার উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন