মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। তবে মুক্তির পর ছবিটি নিয়ে শুরু হয়েছে ভিন্ন আলোচনা।
দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারায় প্রেক্ষাগৃহের ভেতরেই ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। এমনকি একপর্যায়ে টিকিটের টাকা ফেরতের দাবিতে স্লোগান দেওয়ার ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে।
এক্স-এ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সিনেমা প্রদর্শনকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ দর্শকদের একটি অংশ ছবিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি জানাচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ পুলিশ ডাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও ‘টক্সিক’ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ভাইরাল ভিডিওটি শেয়ার করে এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, যশ এমন এক রেকর্ড গড়েছেন, যেখানে দর্শকরা হলের ভেতরেই টিকিটের টাকা ফেরত চাইছেন।
Your browser does not support the video tag.
আবার কেউ কেউ ছবিটিকে এই দশকের সবচেয়ে বড় ফ্লপ বলেও মন্তব্য করছেন। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব প্রতিক্রিয়া ও দাবি ব্যক্তিগত মতামত হিসেবেই দেখা হচ্ছে।
তবে নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেও বক্স অফিসে দারুণ সূচনা করেছে ‘টক্সিক’। মুক্তির প্রথম দিন ভারতের বক্স অফিসে সিনেমাটির নেট আয় ছিল ১০১ কোটি রুপি। আর গ্রস আয় দাঁড়ায় ১২০ কোটি রুপি।
এর মধ্যে শুধু হিন্দি সংস্করণ থেকেই এসেছে ৫৫ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় ২৫ কোটি রুপির কম হলেও তেলেগু সংস্করণ থেকে এসেছে প্রায় ১১ কোটি রুপি। দর্শকদের মিশ্র ও নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যেও চলতি বছর ভারতীয় বাজারে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড নিজেদের করে নিয়েছে যশের সিনেমাটি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশের পাশাপাশি অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন