ভারতজুড়ে ২৫ হাজার শো, প্রথম দিনে কত আয় করল ‘রামায়ণ’?

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ভালো সূচনা করেছে রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’। উদ্বোধনী দিনের আয়ের হিসাবে রণবীরের ‘অ্যানিম্যাল’ ও শাহরুখ খানের ‘পাঠান’-কে পেছনে ফেলেছে ছবিটি।

তবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-এর রেকর্ড ভাঙতে পারেনি। ফলে প্রথম দিনের আয় আশাব্যঞ্জক হলেও বক্স অফিসের হিসাব বলছে, সাফল্যের দৌড়ে এখনো কিছুটা পথ পাড়ি দিতে হবে সিনেমাটিকে।

 

নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তি পেয়েছে ৫ নভেম্বর। দ্য স্টেটসম্যানের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ভারতে ছবিটির নিট আয় ৬৪ কোটি ৮৫ লাখ রুপি।

গ্রস আয় দাঁড়িয়েছে ৭৭ কোটি ৫০ লাখ রুপি। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতজুড়ে প্রায় ২৫ হাজার ২০০টি শোতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। প্রথম দিনে ছবিটির সামগ্রিক দর্শক উপস্থিতির হার ছিল ৩৬ শতাংশ।

 

পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটির আয়ের বড় অংশ এসেছে হিন্দি সংস্করণ থেকে।

২০ হাজার ৬৭৮টি শো থেকে হিন্দি সংস্করণের আয় ৪৭ কোটি ৫০ লাখ রুপি। কন্নড় সংস্করণ ১ হাজার ১৯৭টি শো থেকে আয় করেছে ৭ কোটি ২৫ লাখ রুপি। আর ১ হাজার ৭৭৬টি শো থেকে তেলুগু সংস্করণের আয় ৬ কোটি রুপি। বাকি আয় এসেছে তামিল ও মালয়ালম সংস্করণ থেকে।

 

উদ্বোধনী দিনের আয়ের হিসাবে শাহরুখ খানের ‘পাঠান’ ও রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-কে পেছনে ফেলেছে ‘রামায়ণ’।

‘পাঠান’-এর প্রথম দিনের আয় ছিল ৫৭ কোটি রুপি এবং ‘অ্যানিম্যাল’-এর আয় ছিল ৬৩ কোটি রুপি। এ ছাড়া রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: পার্ট ওয়ান’-এর উদ্বোধনী আয়ের চেয়েও এগিয়ে রয়েছে ছবিটি।

 

তবে প্রথম দিনের আয়ের তালিকায় এখনো ‘রামায়ণ’-এর ওপরে রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’, প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ এবং ‘ধুরন্ধর ২’। ‘জওয়ান’ প্রথম দিনে আয় করেছিল ৭৫ কোটি রুপি। ‘আদিপুরুষ’-এর আয় ছিল ৮৬ কোটি ৭৫ লাখ রুপি। অন্যদিকে, ২০২৬ সালের ১৯ মার্চ মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ প্রথম দিনে সব ভাষা মিলিয়ে আয় করেছে ১০২ কোটি ৫৫ লাখ রুপি।

বিশেষ করে ‘আদিপুরুষ’-এর উদ্বোধনী আয়ের রেকর্ড ধরে রাখা সিনেমাটির জন্য আলোচনার বিষয়। ওম রাউত পরিচালিত ছবিটি ২০২৩ সালে মুক্তির পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। ৫০০ থেকে ৭০০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রথম দিনে বড় অঙ্কের আয় করলেও শেষ পর্যন্ত বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। তাই ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও পরবর্তী দিনগুলোতে আয়ের ধারাবাহিকতা ধরে রাখা বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে।

এদিকে, ২০২৬ সালের সবচেয়ে বড় উদ্বোধনী আয়ের রেকর্ড এখনো ‘ধুরন্ধর ২’-এর দখলে। ছবিটি বিশ্বব্যাপীও ব্যাপক সাফল্য পেয়েছে। এর আগের পর্ব ‘ধুরন্ধর’ বিশ্বজুড়ে আয় করেছিল ১ হাজার ৩০০ কোটি রুপি।

‘রামায়ণ’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত। কৈকেয়ীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে লারা জানিয়েছেন, ইতিহাসে সবচেয়ে ভুল বোঝা নারীদের একজন কৈকেয়ী। চরিত্রটির প্রতি যথাযথ সুবিচার করতে চান তিনি।

এ ছাড়া ছবিতে পরশুরামের চরিত্রেও দেখা যেতে পারে রণবীর কাপুরকে। জটায়ুর কণ্ঠ দেওয়ার কথা রয়েছে অমিতাভ বচ্চনের।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন