আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক চমক দেখাচ্ছে নির্মাতা রুবাইয়াত হোসেনের নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। বিশ্বের অন্যতম প্রাচীন ভেনিস চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়ার পর সিনেমাটি জায়গা করে নিয়েছে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।
এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি পালক—লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে নির্বাচিত হয়েছে সিনেমাটি।
শুধু নির্বাচিত হওয়াই নয়, লন্ডন চলচ্চিত্র উৎসবের ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর জন্য প্রতিযোগিতা করবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ৭ থেকে ১৮ অক্টোবর যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল। এবারের মূল প্রতিযোগিতায় মোট ১০টি সিনেমা লড়াই করবে, যার একটি বাংলাদেশের এই সিনেমা।
সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, এবারের প্রতিযোগিতায় ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সঙ্গে রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, আইরিশ নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললারের ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাতা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।
এর আগে ভেনিস ও টরন্টো উৎসবেও প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে জায়গা করে নিয়ে আলোচনায় এসেছিল ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এবার লন্ডন চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরো বেড়েছে।
নির্মাতা রুবাইয়াত হোসেন জানিয়েছেন, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর সিনেমা।
Your browser does not support the video tag.
ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্প। কথিত আছে, একসময় এই পার্লারে এক কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন।
সিনেমার গল্পে এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য ওই পার্লারে আসে। এরপরই একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হতে থাকে সে। রহস্য, মনস্তত্ত্ব ও অতিপ্রাকৃত উপাদানের সমন্বয়ে ধীরে ধীরে উন্মোচিত হয় গল্পের অজানা দিক।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এই সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে তার। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেদ্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন