আইজলওয়ার্থ দ্বীন সেন্টার আয়োজিত “ঈদ ইন দ্য পার্ক”-এ সহস্রাধিক মুসল্লীর ঢল

আকবর হোসেন ||

বুধবার, ২৭ মে, সকাল থেকে পশ্চিম লন্ডনের আইজলওয়ার্থের রেডলিস পার্কে আইজলওয়ার্থ দ্বীন সেন্টার (আইডিসি) আয়োজিত “ঈদ ইন দ্য পার্ক”-এ দলে দলে স্বপরিবারে সহস্রাধিক মুসলমান তকবির ধ্বনির মধ্য দিয়ে সমবেত হন।

সকাল ১০টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। জামায়াতে ইমামতি করেন আইডিসির চেয়ারম্যান ও খতিব শাইখ আবু সাঈদ আনসারী। নামাজ শেষে ঈদের খুতবা প্রদান করা হয় এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আনন্দঘন এ ঈদ আয়োজনে ছোট-বড় সবাই উৎসবের আমেজে মেতে ওঠেন। শিশু-কিশোররা বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

পার্কজুড়ে ছিল নানা আকর্ষণীয় স্টল ও বিনোদনের আয়োজন। উপস্থিত মুসল্লী ও দর্শনার্থীরা বিভিন্ন ধরনের খাবার, সফট ড্রিংকস, আইসক্রিম, হেনা, বাউন্সি ক্যাসল, ওয়াইল্ড অ্যানিম্যাল প্রদর্শনীসহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপভোগ করেন।

রৌদ্রোজ্জ্বল সুন্দর একটি দিনে পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে উপস্থিত সবাই সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। রেডলিস পার্কে প্রথমবারের মতো আয়োজিত এ ব্যতিক্রমী ও সফল অনুষ্ঠানের জন্য আইডিসি ম্যানেজমেন্টকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানানো হয়।

ঈদের জামায়াত শেষে মুসল্লীরা পরস্পরের সঙ্গে কুলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রুথ ক্যাডবেরি এমপি, কাউন্সিলর সু সিম্পসন, কাউন্সিলর সালমান শাহীনসহ অন্যান্য বিশিষ্টজন ও কমিউনিটি নেতৃবৃন্দ। তারা এ ধরনের আয়োজন, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারিবারিক মিলনমেলার উদ্যোগের প্রশংসা করেন এবং উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

রুথ ক্যাডবেরি এমপি তাঁর বক্তব্যে বর্তমান লেবার সরকারের পক্ষ থেকে মসজিদসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ের নিরাপত্তা জোরদারে গৃহীত পদক্ষেপগুলোর কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে “রামাদান কিডস চ্যালেঞ্জ”-এ অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। উল্লেখ্য, গত রমজান মাসে আইডিসির জন্য শিশুদের অংশগ্রহণে প্রায় ১৮ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়, যা উপস্থিত সবার প্রশংসা অর্জন করে।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন