রিপোর্টার,সাতক্ষীরা//
বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে আগামী ১ এপ্রিল (বুধবার) থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মধু আহরণ মৌসুম। এরইমধ্যে উপকূলের বিভিন্ন এলাকায় মৌয়ালদের নৌকা প্রস্তুত করা হচ্ছে।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, চলতি মৌসুমে ১১০০ কুইন্টাল মধু এবং ৬০০ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বন বিভাগ।
মৌয়ালরা জানায়, সুন্দরবনে আগামী পহেলা এপ্রিল থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হতে যাচ্ছে মধু আহরণ মৌসুম। প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়েই মৌয়ালরা মধু সংগ্রহ করতে হয় তাদের।
বনের ভেতরে বাঘ, বিষধর সাপসহ নানা বন্যপ্রাণীর পাশাপাশি প্রতিকূল পরিবেশ তাদের মোকাবেলা করতে হবে তার সাথে রয়েছে নতুন আতঙ্ক বনদস্যু।
তবে সব আতঙ্ক মাথায় রেখে প্রস্তুতি স্বরূপ মৌয়ালারা নৌকা সাজানো কাজে ব্যস্ত সময় পার করছে সুন্দরবন উপকূলীয় এলাকায়।
বন বিভাগ সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরে সুন্দরবন থেকে মধু আহরণ করা হয়েছিল ৪ হাজার ৪৬৩ কুইন্টাল। ২০২১-২২ অর্থবছরে তা কমে দাড়ায় ৩ হাজার ৮ কুইন্টাল। ২০২২-২৩ অর্থবছরে আরও কমে দাড়ায় ২ হাজার ৮২৫ কুইন্টাল। ২০২৩-২৪ অর্থবছরে কিছুটা বেড়ে ৩ হাজার ১৮৩ কুইন্টাল মধু আহরণ করা হয়েছিল। তবে চুরি করে আহরণ করা মধু বন বিভাগের হিসাবের বাইরে থাকে।
অন্যদিকে আগাম চাক কাটার কারণে মৌসুম শুরু হলে মধু কম পাওয়া যায়। এর ফলে বন বিভাগের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা দেখা দেয়।
প্রতিবছরের মতো এবারও সুন্দরবনের বিভিন্ন রেঞ্জে পর্যায়ক্রমে মৌয়ালদের (মধু সংগ্রহকারী) বন প্রবেশের অনুমতি দেওয়া হবে। নির্ধারিত পাস (পারমিট) নিয়ে দলবদ্ধভাবে তারা গভীর বনে প্রবেশ করে প্রাকৃতিক চাক থেকে মধু সংগ্রহ করবেন বলে বন বিভাগ সুত্রে জানা যায়।
মধু আহরণ কার্যক্রম বিষয়ে গাবুরা ডুমুরিয়া গ্রামের মৌয়াল দল নেতা আব্দুর রাজ্জাক বলেন, আমি প্রতিবছর সুন্দরবনে মধু আহরণ করে থাকি তারই ধারাবাহিকতাই এ বছরও ১২ জন মৌয়াল নিয়ে দল সাজিয়েছি, আগামী ১ এপ্রিল তারিখে বনবিভাগ থেকে পাস নিয়ে সুন্দরবনের মধু আহরণ করতে রওনা হবো।
বুড়িগোয়ালিনী এলাকার মৌয়াল শাহাজান সরদার বলেন, সুন্দরবনের মধু প্রাকৃতিক ও ভেজালমুক্ত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে এর ব্যাপক চাহিদা।
নাম প্রকাশে অনইচ্ছুক এক মৌয়াল বলেন, জন প্রতি আমাদের কাছে টাকা দাবি করেছে ১০ হাজার টাকা, এক একটি দল এভাবেই ৩ দল ডাকাত কে দিতে হবে টাকা, তবে এই টাকা দিয়ে এবছর সুন্দরবনে মধু ভাঙতে যাবেনা বলে অনেক মৌয়াল জানিয়েছেন।
এদিকে বনবিভাগ সুত্রে জানা যায়, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি বনজ সম্পদ রক্ষায় নির্ধারিত নিয়ম মেনে মধু সংগ্রহ করতে হবে অপরিকল্পিত ভাবে চাক ধ্বংস বা অতিরিক্ত আহরণ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
তবে সুন্দরবনে ডাকাত দলের অত্যাচার বৃদ্ধি হওয়ায় অনেক মৌয়াল এবার মধু আহরণে সুন্দরবনে যাচ্ছে না বলে জানা গেছে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মশিউর রহমান জানান, এপ্রিল মাসের ১ তারিখ থেকে মধু সংগ্রহের পাশ দেয়া হবে। আমরা কঠোর নজরদারি রাখছি। যাতে সুন্দরবন থেকে কেউ মধু চুরি করতে না পারে। যদি সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন