যশোরে ১৪ মামলার আসামি প্রিয়া আবারো ইয়াবাসহ আটক

gbn

ইয়ানূর রহমান : যশোরের কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী, ১৪ মামলার আসামি প্রিয়া আবারও ইয়াবাসহ আটক হয়েছেন। প্রিয়া যশোরের আরেক কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার স্ত্রী। তার বাড়ি শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায়। এ সময় রোকেয়া বেগম নামে প্রিয়ার আরেক সঙ্গী আটক হয়েছেন। তিনি রেলস্টেশন পূর্বপাড়ার মৃত সুখচানের মেয়ে। তাদের কাছ থেকে পুলিশ মোট ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই শুভ কুমার রায় জানান, শুক্রবার বিকেলে গোপন সূত্রে জানতে পারেন রেলবাজার এলাকার আনোয়ার এন্টারপ্রাইজ সংলগ্ন গলিতে দুই নারী মাদকদ্রব্য বেচাকেনা করছে। সংবাদ পেয়ে তিনি সেখানে অভিযান চালান এবং তৃষা আক্তার প্রিয়া ও রোকেয়া বেগমকে আটক করেন। পরে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করে প্রিয়ার কাছ থেকে ৫১ পিস এবং রোকেয়ার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রির ৪২০ টাকা এবং দুটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, তৃষা আক্তার প্রিয়া একজন কুখ্যাত নারী মাদক ব্যবসায়ী। মাসখানেক আগে যশোরের পুরাতন কসবা ফাঁড়ির পুলিশ শহরের রেলস্টেশন ষষ্ঠীতলা থেকে মাদকদ্রব্য ও প্রায় ৫০ হাজার টাকাসহ তাকে আটক করেছিল। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৪টি মামলা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, প্রিয়া শহরের কুখ্যাত সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজার দ্বিতীয় স্ত্রী। আর পিচ্চি রাজা মাদক ব্যবসায়ী প্রিয়ার তৃতীয় স্বামী। বছরের পর বছর ধরে তারা এই পেশার সঙ্গে যুক্ত। পুলিশের হাতে মাদকসহ বহুবার আটক হয়েছেন প্রিয়া, কিন্তু মাদক ব্যবসা ছাড়েননি।

এ ঘটনায় আরও একটি মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।#

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন